নাচার জায়গা রাখা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাজ-ব্লুজ উৎসবে আরমিন মুসা
জ্যাজ-ব্লুজ উৎসবে আরমিন মুসা

সংগীতের কিছু ঘরানা থাকে, চুপচাপ বসতে দেয় না। মনোযোগ দিয়ে শোনার বদলে আসন ছেড়ে উঠতে ও নেচে উঠতে বাধ্য করে। এ বছর জ্যাজ-ব্লুজ উৎসবের শেষ পরিবেশনার কথাই ধরা যাক। শিলংয়ের গানের দল সোলমেট বসে থাকতে দেয়নি। গানের সঙ্গে সঙ্গে সতেরো তলার ছাদে নেচেছেন শ্রোতারা। অনেকে বলেছেন, জায়গাটা আরেকটু বড় হলে শান্তিমতো নাচা যেত।
একটা দুঃসংবাদ দিয়ে সেদিন অনুষ্ঠান শুরু হয়। শিকাগোর লুরি বেল সংগীত পরিবেশন করবেন না। তাঁদের বদলে যুক্তরাষ্ট্র থেকে এসেছে অন্য একটি দল। কিন্তু বিদগ্ধ লুরি বেলকে নিয়ে আগ্রহ ছিল ব্লুজ ঘরানার সংগীতপ্রেমীদের। ২০১৫ সালে প্রথমবার যখন জ্যাজ অ্যান্ড ব্লুজ উৎসবের আয়োজন করা হলো, সেবারই শ্রোতাদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে ব্লুজ কমিউনিকেশনস। গাইতে আমন্ত্রণ জানিয়েছিলেন পৃথিবীর সব সেরা শিল্পীকে। উৎসবের দ্বিতীয় আয়োজন প্রথমটিকে ছাড়িয়ে যেতে পারেনি নানা দিক থেকে। শিল্পীর উপস্থিতি, উৎসবস্থল এবং সময়—সব মিলিয়ে শ্রোতার প্রত্যাশা যেন ছিল আরও একটু ভিন্ন।
দ্বিতীয় জ্যাজ-ব্লুজ উৎসবের শুরু ও শেষের পরিবেশনায় ছিলেন দুজন নারী শিল্পী—আরমিন মুসা ও তিপ্রিতি টিপস। চমৎকার পরিবেশনা দিয়ে দুজনই মন মাতিয়েছেন শ্রোতাদের। চমক ছিল বাংলাদেশে ডেনিস রাষ্ট্রদূত মিকেল উইনটারের পরিবেশনা, যুক্তরাজ্যের গ্যারি হাজবেন্ডের বাদন ও ভারতের দীপক পণ্ডিতের দলের পরিবেশনা। শহর থেকে সরে গিয়ে মাঘের শীত আস্তানা করেছিল উত্তরার হোটেল লা মেরিডিয়ানের ছাদে। জানুয়ারির শেষ তিন রাতে ব্লুজের উত্তাপেও সেটা টের পেয়েছিলেন শ্রোতারা।