নাচে-গানে জমবে 'এই বরষায়'
‘এই বরষায়’ শিরোনামের আয়োজনে দিনভর হবে বর্ষাবন্দনা। বাংলা একাডেমি প্রাঙ্গণে আগামীকাল শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজন করেছে গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেড ও ওয়াটার এইড। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনে থাকবে গান, নাটক, সিনেমা, ছবি আঁকা, কাবাডি প্রতিযোগিতা, পাপেট শো, বর্ষাবিষয়ক সেমিনার, কবিতা ও ছবির প্রদর্শনী। থাকবে খিচুড়িসহ ঐতিহ্যবাহী খাবারের সমারোহ। সকাল ১০টায় শুরু হয়ে বর্ষাবন্দনা চলবে রাত নয়টা পর্যন্ত।
‘এই বরষা’য় দিনভর সংগীত পরিবেশন করবে বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস, জুয়েল অ্যান্ড ফ্রেন্ডস, শাহেদ, জলের গান, চিরকুট, তপু, মিনার, সন্ধি, স্বাগতা, সভ্যতা, আহমেদ হাসান সানি, গাছ ও সমুদ্র। নৃত্য পরিবেশন করবে নাচের দল ধৃতি নর্তনালয়। থাকবে ‘জল পুতুল’-এর পাপেট শো। মূকাভিনয় পরিবেশন করবেন মীর লোকমান। আরও থাকবে চট্টগ্রামের দল ‘নাটুয়া’র প্রযোজনা। তা ছাড়া আরও বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন মীরাক্কেলের শাওন, পরশ ও সাইফুল। পাশাপাশি বৃষ্টির পানি ব্যবহার ও সংরক্ষণ নিয়ে থাকছে আলোচনা এবং মডেল প্রদর্শনী।