নাচে গানে নাট্যে স্বাধীনতা দিবস উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় গতকাল মঞ্চস্থ টার্গেট প্লাটুন নাটকের একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো
জাতীয় নাট্যশালায় গতকাল মঞ্চস্থ টার্গেট প্লাটুন নাটকের একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো

আলোচনায়, গানে, নৃত্যে, কবিতায় স্বাধীনতা দিবস উদ্‌যাপিত হলো রাজধানীতে। এত সব আয়োজন রাজধানীবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্বাধীনতা দিবসকে করে তুলেছিল বর্ণিল।

সম্মিলিত সাংস্কৃতিক জোট: নাচ, গান, আবৃত্তি, পথনাটকসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার ও ধানমন্ডির রবীন্দ্রসরোবরে শেষ হলো সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিন দিনের স্বাধীনতা উৎসব ২০১৬।

 উৎসবের সমাপনীতে গতকাল শহীদ মিনারে দলীয় সংগীত পরিবেশন করে সুরসপ্তক, আওয়ামী শিল্পী গোষ্ঠী, জাগো আর্ট সেন্টার। একক সংগীত পরিবেশন করেন ফেরদৌস আরা, সমর বড়ুয়া, শিবু রায়, আবদুল ওয়াদুদ, অপর্ণা খান। দলীয় আবৃত্তি পরিবেশন করে স্বরশ্রুতি, স্রোত আবৃত্তি সংসদ, চারুকণ্ঠ ও প্রজন্ম কণ্ঠ। পথনাটক নাট্যযোদ্ধা পরিবেশন করে পদাতিক নাট্য সংসদ।

ধানমন্ডির রবীন্দ্রসরোবরে জোটের এই আয়োজনে দলীয় সংগীত পরিবেশন করে সুরবিহার, আনন্দন ও স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র। দলীয় আবৃত্তি পরিবেশন করে মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র, স্বনন ও উদ্ভাসন। দলীয় নৃত্য পরিবেশন করে নটরাজ। পথনাটক ‘রঙ্গপীঠ’ পরিবেশন করে থিয়েটার আর্ট ইউনিট। এ ছাড়া রবীন্দ্রসরোবরের আরও নানা সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করে শিশুসংগঠন সপ্তকলির আসর।

শিল্পকলা একাডেমি: নাচ, গান, আবৃত্তি, কবিকণ্ঠে কবিতাপাঠ ও মূকাভিনয়ের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমির এই আয়োজন।

এই আয়োজনে সমবেত নৃত্য পরিবেশন করে ধৃতি নৃত্যালয়, নন্দন কলাকেন্দ্র, স্পন্দন নৃত্যগোষ্ঠী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যদল। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মুক্তিযুদ্ধের নাটক টার্গেট প্লাটুন মঞ্চায়ন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

বাংলা একাডেমিতে অপারেশন জ্যাকপট: স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি। বিকেলে একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত এই আয়োজনের আলোচনায় অংশ নেন নাট্যজন মামুনুর রশীদ, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং অধ্যাপক মমতাজ লতিফ। কল্যাণী ঘোষ, ইন্দ্রমোহন রাজবংশী, রূপা ফরহাদ ও মনোরঞ্জন ঘোষাল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই চারজন শিল্পীর সমবেত দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অপারেশন জ্যাকপট নাটকটি পরিবেশন করে নাগরিক নাট্যাঙ্গন।