নাচে গানে বর্ষামঙ্গল
বৃষ্টির দেখা মেলেনি সারা দিন। কিন্তু তাতে কী? মৌসুমটি তো বর্ষা। মেঘমেদুর দিনে বাদলধারায় সুর আর কথায় রোমাঞ্চিত হওয়ার বাসনা বাঙালির চিরন্তন। সেই বাসনার প্রকাশ ঘটল সাংস্কৃতিক সংগঠন প্রতিসৃষ্টি আয়োজিত বর্ষামঙ্গল অনুষ্ঠানে। বৃষ্টি নিয়ে গান, নাচ ও আবৃত্তিতে আয়োজনটি হয়ে উঠেছিল বর্ষার আমেজে পরিপূর্ণ। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় ঢোলবাদনের মধ্য দিয়ে উত্সবের উদ্বোধন করেন একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। সাংবাদিক শুভ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বর্ষা নিয়ে আলোচনা করেন প্রতিসৃষ্টির অধিকর্তা শাহরিয়ার সালাম, হাসিনা মমতাজ, এনামুল লতিফ প্রমুখ। আলোচকেরা বাংলা সাহিত্য, সংস্কৃতি ও জীবনাচরণে বর্ষার প্রভাব তুলে ধরেন। তাঁরা সাম্প্রতিক জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়ায় চিরন্তন বর্ষার স্বরূপ বদলে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। উত্সব উদ্বোধনের পর ‘হুড়মুড় হুড়মুড় করে মেঘা’ গানটির সঙ্গে লায়লা হাসানের নৃত্যপরিচালনায় বাংলার মুখের শিশু নৃত্যশিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করে। এরপর বর্ষার গান নিয়ে মঞ্চে আসেন শিল্পী জাহিদ মাহমুদ খান। তিনি গেয়ে শোনান ‘এমন দিনে তারে বলা যায়’। রেজিনা ওয়ালী আবৃত্তি করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নববর্ষা’ কবিতাটি। সুরবিহারের শিল্পীরা ‘পাগলা হাওয়ার বাদল-দিনে’সহ দুটি গেয়ে শোনান। নজরুলের ‘পরদেশী মেঘ যাও রে ফিরে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ওয়াফি রহমান। অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে সুরবিহার, ওস্তাদ মমতাজ আলী খান সংগীত একাডেমী, খেলাঘর ও প্রতিসৃষ্টির শিল্পীরা। দলীয় নৃত্য পরিবেশন করে সাজু আহমেদের পরিচালনায় কথক নৃত্য সম্প্রদায়। একক গান পরিবেশন করেন খগেন্দ্রনাথ সরকার, কাননবালা সরকার, অনিমা রায়, কনক খান, তানজিলা পারভিন, নিলুফার জাহান, অনিকেত আচার্য, টুম্পা সরদার, সফিউল আলম, ইকবাল সাঁই, বাউল গোলাপ প্রমুখ।বর্ষার গানসংস্কৃতি বিকাশ কেন্দ্র গতকাল বর্ষার গানের আয়োজন করে। পরীবাগের কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানে গান গেয়ে শোনান পারভীন নিয়াজী মান্না।্রসংগঠনের পরিচালক লিয়াকত আলীর সঞ্চালনায় শিল্পী কয়েকটি পুরোনো দিনের বর্ষার গান পরিবেশন করেন। গানগুলোর মধ্যে ছিল, ‘এই মেঘলা দিনে একলা’, ‘এই রিমঝিম বরষা’, ‘পাখি আজ কোন সুরে গায়’, ‘আজ মনে হয় এই নিরালায়’ প্রভৃতি।গ্লাস ও সিরামিকস শিল্পকলা প্রদর্শনী বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এবং বাংলাদেশে রাজকীয় নরওয়ে দূতাবাসের আয়োজনে আজ শুক্রবার থেকে ‘সমকালীন নরওয়ের গ্লাস ও সিরামিকস’ শীর্ষক শিল্পকলা প্রদর্শনী শুরু হবে। সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি থাকবেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী ও বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত ইনগেবিয়র্গ স্টফরিং। গতকাল দুপুরে বেঙ্গল শিল্পালয়ে প্রদর্শনীর প্রেস প্রিভিউ ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ইনগেবিয়র্গ স্টফরিং, নরওয়ের শিল্পী লিন্ডা লোথে ও বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। প্রদর্শনীতে ৬১টি শিল্পকর্ম স্থান পাবে। প্রদর্শনী ২০ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।