সুরের মূর্ছনা না থাকলে কোনো উৎসব জমে না। উদ্দাম বাজনা না থাকলে জাগে না আনন্দে মেতে ওঠার স্পন্দন। এ কথা মাথায় রেখেই বিশ্বকাপ ফুটবল শুরুর প্রাক্কালে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকায় জাঁকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলা শুরু হওয়ার আগের দিন গত বৃহস্পতিবার রাতে জোহানেসবার্গের সোয়েটোয় অরল্যান্ডো স্টেডিয়ামে আয়োজন করা হয় ‘ফিফা ওয়ার্ল্ড কাপ কিক অফ সেলিব্রেশন কনসার্ট’।প্রায় অর্ধ লক্ষ দর্শকভরা স্টেডিয়ামে এই অনুষ্ঠানে আফ্রিকার খ্যাতিমান সংগীততারকারা তো ছিলেনই, ছিলেন আন্তর্জাতিক শীর্ষ অন্যান্য কণ্ঠশিল্পীও। এর মধ্যে রয়েছেন কলম্বীয় পপতারকা শাকিরা, দক্ষিণ আফ্রিকার ৭১ বছর বয়সী জ্যাজ গুরু হিউ মাসেকেলা, বেনিনের অ্যাঞ্জেলিক কিডজো, অ্যালিসিয়া কিস, যুক্তরাজ্যের তারকা জন লিজেন্ড, যুক্তরাষ্ট্রের ব্যান্ড ব্ল্যাক আইড পিজের শিল্পীরা।অনুষ্ঠানে শাকিরা তাঁর বিশ্ব মাত করা গান ‘হিপস ডোন্ট লাই’ গেয়ে শোনান। মাসেকেলা ট্রাম্পিটে বাজিয়ে শোনান ১৯৬৮ সালে বিলবোর্ডের শীর্ষে থাকা ‘গ্রেজিং ইন দ্য গ্রাস’। এই সুরের মাধ্যমেই কনসার্ট উদ্বোধন করা হয়। টিভি সেটের সামনে বসে সারা বিশ্বে কনসার্টটি সরাসরি উপভোগ করেছে কোটি কোটি দর্শক।অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে আসেন দক্ষিণ আফ্রিকার নোবেল শান্তি পুরস্কারজয়ী ডেসমন্ড টুটু। সবুজ ও সোনালি ডোরাকাটা টুপি ও স্কার্ফ পরা টুটু বলেন, ‘আমি এখন স্বপ্নের ঘোরে আছি। আমাকে জাগিয়ে তুলুন।’ এরপর তিনি নেচে বেড়ান মঞ্চে। তথ্যসূত্র ও ছবি: ওয়েবসাইট।