নাচে নাচে মুখরিত হলো নৃত্য দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী নৃত্য উৎসবের সমাপনী দিবসে পরিবেশিত একটি নাচ l ছবি: প্রথম আলো
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী নৃত্য উৎসবের সমাপনী দিবসে পরিবেশিত একটি নাচ l ছবি: প্রথম আলো

শিল্পকলা একাডেমীজুড়েই নূপুরের ধ্বনি। চঞ্চল শিশুদের পায়ে নূপুর উঠলে যা হওয়ার, তা-ই হলো। চঞ্চল পায়ে প্রাণের ছোঁয়া পেয়ে গেল নূপুরেরা। মুখরিত শিল্পকলায় গতকাল ছিল আন্তর্জাতিক নৃত্য দিবসের অনুষ্ঠান। ২৩ এপ্রিল শুরু হয়েছিল সপ্তাহব্যাপী এ উৎসব। গতকাল ছিল সমাপনী দিন।
‘সকাতরে ওই কাঁদিছে সকলি, শোনো শোনো পিতা’ গানের সঙ্গে নাচ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। নেপালের ভূমিকম্পে নিহত ব্যক্তিদের স্মরণে এই শোকনৃত্যটি পরিবেশন করে দিব্য সাংস্কৃতিক সংগঠন। এর পরপরই নাচে প্রতিবন্ধী শিশুরা। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।
গতকাল বুধবার শিল্পকলা একাডেমীর নাট্যশালার মূল মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বললেন, ‘যে সংস্কৃতি অন্যকে শ্রদ্ধা করতে শেখায়, সেই সংস্কৃতি যদি বিপন্ন হয় তাহলে পয়লা বৈশাখের উৎসবে লাঞ্ছনার মতো ঘটনা ঘটে।’ তিনি আরও বলেন, ‘যে শিশুদের প্রতিবন্ধী শিশু বলা হচ্ছে, তাদের অসাধারণ শিশু বলা উচিত।’
শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে নৃত্য দিবসের সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, নৃত্যশিল্পী আমানুল হক, লায়লা হাসান, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুস সেলিম। অনুষ্ঠানে গুণী নৃত্যশিল্পী নারায়ণ দেবকে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে নৃত্যশিল্পী সংস্থার পক্ষে বক্তব্য দেন সভাপতি মীনু হক ও সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমান।
বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, পল্লবী ডান্স সেন্টার, কত্থক সম্প্রদায়, রেওয়াজ পারফর্মিং আর্টস, সুকন্যা, স্পন্দন, জাগো আর্ট সেন্টার, আঙ্গিকাম, নান্দনিক, নৃত্যম, ধৃতি নৃত্যালয়, ভাবনা, সোম একাডেমী, শিখর কালচারাল সেন্টার, নৃত্যভূমি, ছন্দ মঞ্জুরী, নন্দন কলা কেন্দ্র, নৃত্যছন্দ, নৃত্যালোক, নটরাজ এবং বেণুকা ললিতকলা একাডেমী নৃত্য পরিবেশন করে। খুলনা, নোয়াখালী, সিলেট ও রাজশাহীর বিভিন্ন সংগঠনের শিল্পীরাও নাচ পরিবেশন করেন।
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ছিল নৃত্যশিক্ষার স্কুল নৃত্যাঞ্চলের শিশুদের নাচের অনুষ্ঠান। ২৪ ও ২৫ এপ্রিল স্কুলের নাচের প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছিল তাদের বিশটি দল এতে নাচ করে। এই অনুষ্ঠানে প্রতিযোগীদের পুরস্কারও দেওয়া হয়। স্কুলটির অন্যতম পরিচালক শিবলী মোহাম্মদ জানান, ধ্রুপদি ও সৃজনশীল নৃত্যের ভেতর অপসংস্কৃতির অনুপ্রবেশ ঠেকাতে হবে। তবে ঋদ্ধ হওয়ার জন্য বিশ্বসংস্কৃতির রুচিশীল ও নান্দনিক অংশটুকু নিতে পারি।
এবারের নৃত্য দিবসে বাংলাদেশের স্লোগান ছিল, ‘সন্ত্রাস রুখে দাও নৃত্যের ছন্দে’। এ দিবসটি উপলক্ষে স্পেনের শিল্পী ইসরাইল গালভেন বিশ্বের সংগীত ও নাট্যপ্রেমী এবং নৃত্যের দর্শক সবাইকে একসঙ্গে উৎসবে নেচে ওঠার আহ্বান করেছেন।