নাচের অনুষ্ঠানের বিচারক গানের আঁখি
চ্যানেল নাইনের গানের রিয়েলিটি শো পাওয়ার ভয়েজের উপস্থাপনার ফাঁকে বাংলাভিশনের একটি নাচের অনুষ্ঠানেরও বিচারক হলেন আঁঁখি আলমগীর। নাচো বাংলাদেশ নাচো নামের এ অনুষ্ঠানটির একটি বিশেষ পর্বে অতিথি বিচারক হিসেবে দেখা যাবে তাঁকে। গতকাল রোববার এফডিসিতে অনুষ্ঠানটির শুটিংয়ে বিচারক হিসেবে অংশ নিয়েছেন তিনি।এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে আঁঁখি আলমগীর বলেন, ‘নাচ আমার অনেক পছন্দের। গানের সঙ্গে আমাদেরকে প্রায়ই নাচতে হয়। নাচের ব্যাকরণ না বুঝলেও নাচের সৌন্দর্যটা ঠিকই বুঝতে পারি। তাই নাচের অনুষ্ঠানের বিচারক হয়ে পুরো ব্যাপারটি বেশ উপভোগ করেছি। আঁঁখি আরও বলেন, ‘আমি কিন্তু আমার অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিওতে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে নাচ করেছি। যাই হোক, বাংলাভিশনের নাচের এই অনুষ্ঠানটি বেশ কয়েকবার দেখেছি। ভাল লাগে। সেই অনুষ্ঠানের অতিথি বিচারক হয়ে ভালোই লাগছে। আঁঁখি বর্তমানে পাওয়ার ভয়েজের অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘এখন কনসার্টের মৌসুম। রয়েছে পাওয়ার ভয়েজ অনুষ্ঠান উপস্থাপনার কাজ। এর বাইরে সম্প্রতি একটি চলচ্চিত্রের আইটেম গানেও কণ্ঠ দিয়েছি। এবারই প্রথম চলচ্চিত্রের আইটেম গান করলাম। গানটি গেয়ে বেশ ভালো লেগেছে।’বাংলাভিশনের নাচো বাংলাদেশ নাচো অনুষ্ঠানের প্রধান তিন বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক ফেরদৌস, নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ এবং রিয়া।