নাচের ঝংকারে মুখর সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরতের সন্ধ্যা নাচের ঝংকারে মুখর হয়ে উঠেছিল। শিল্পকলা একাডেমীতে তিন দিনের সাংস্কৃতিক উৎসব গতকাল সোমবার শুরু হয়েছিল এই নৃত্যানুষ্ঠান দিয়ে। নৃত্য, সংগীত ও যন্ত্রসংগীত নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
উদ্বোধনী দিনে ছিল নৃত্যানুষ্ঠান। এতে দেশের ১০ জন সুরকারের সৃষ্ট সুর অবলম্বনে ১০ জন নৃত্য পরিচালকের ১০টি নৃত্য পরিবেশিত হয়। আলম খানের সুরে ও দীপা খন্দকারের পরিচালনায় ছিল ‘জন্ম থেকে মৃত্যু’ শীর্ষক নৃত্য। ওয়ার্দা রিহাব করেছেন ফোয়াদ নাসের বাবুর সুরে ‘ঢাকা আমার ঢাকা’। মাকসুদ জামিল মিন্টুর সুরে ‘আবহমান বাংলা’ করেন অনিক বোস। তামান্না রহমান করেছেন আলী হোসেনের সুরে ‘লাল সবুজে গাঁথা’, শেখ সাদী খানের সুরে মুনমুন আহমেদ ‘শুভেচ্ছা-ভালোবাসা’, আলাউদ্দিন আলীর সুরে কবিরুল ইসলাম রতন ‘উৎসব’, আলী আজগর খোকনের সুরে মিনু হক ‘নদী’, আলী আকবর রুপুর সুরে শর্মিলা বন্দ্যোপাধ্যায় ‘একদিন প্রতিদিন’, বিপ্লব বড়ুয়ার সুরে এম আর ওয়াসেক ‘বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ ও সুজেয় শ্যামের সুরে বেলায়েত হোসেন খান করেছেন ‘বায়ান্ন থেকে একাত্তর’ নামের নৃত্য।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় হবে সংগীতানুষ্ঠান ও আটটি অডিও সিডির প্রকাশনা। বৃহস্পতিবার সন্ধ্যায় হবে সম্মিলিত যন্ত্রসংগীত পরিবেশনা।