নাচের দাপটে যাত্রার নাভিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাগান দিন দিন সংক্ষিপ্ত হয়ে আসছে। খণ্ডিত হচ্ছে পালা। বিকৃত হচ্ছে গল্প ও কাহিনি। কিন্তু বিলম্বিত হচ্ছে নাচ। 
যাত্রার আসরে এমন দৃশ্য প্রতিটি দলেই। তীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে যাত্রা নিয়ে মাতামাতি চলছে। বগুড়ায় তিনটি প্যান্ডেল, গাইবান্ধার গোবিন্ধগঞ্জ-পলাশবাড়ীতে চারটি প্যান্ডেল ও ঠাকুরগাঁও জেলার রুহিয়া আজাদ মেলাতে দুটি প্যান্ডেল, জেলার রানীশংকৈল থানার নেকমরদ মেলাতে দুটি প্যান্ডেল, কান্তজির মেলাতে দুটি প্যান্ডেল ও পঞ্চগড়ের আটোয়ারী আলোখোয়া মেলাতে তিনটি প্যান্ডেল চালু আছে। প্রতিটি প্যান্ডেল ঘুরে দেখা গেছে, সারা রাত ধরে চলছে নাচ-গান। শেষ রাতে পালার কিছু খণ্ডিত অংশ মঞ্চস্থ হচ্ছে। তাতে পালার কাহিনি বিকৃতি ঘটছে। এমন যাত্রাগান পরিবেশন দেখে এই শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠনের নেতারা বিস্ময় প্রকাশ করেছেন।
যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের আহ্বায়ক বজলুর রহমান নাচের দাপটে যাত্রার নাভিশ্বাস উঠছে বলে মন্তব্য করেছেন।
যাত্রাদলের মালিক ওয়াসিম আসকর (চ্যালেঞ্জার), বাবুল শেখ (স্বদেশ অপেরা), হানিফ মিয়া (পদ্মা অপেরা), হারেজ আলীর (ভোলানাথ) সঙ্গে কথা বলে জানা গেছে, তারা পরিস্থিতির স্বীকার। আর এসব প্যান্ডেলের আয়োজকদের মন্তব্য, দর্শকের চাহিদা থাকায় এমনটি হচ্ছে।
যাত্রা পালাকার পরিষদের সভাপতি জালাল উদ্দিন বলেন, ‘আসরে যা উপস্থাপন করা হয়, দর্শক তাই দেখে। ভালো জিনিস হলে আরও ভালোভাবে গ্রহণ করে। দলের মালিক, আয়োজক সবারই মানসিক বিকৃতি ঘটেছে।’
কান্তজির মেলায় ভোলানাথের গান শুনে যাত্রার দর্শক বিমল সূত্রধর (৬৪) বলেন, ‘পালার নাম শুনে বিপুল উৎসাহ নিয়ে এসেছিলাম, কিন্তু খণ্ডিত যাত্রা আর বিলম্বিত নাচ দেখে হতাশ হয়ে ফিরে যাচ্ছি।’