‘রায়বেঁশে নৃত্য’ হলো গতকাল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে। এই নৃত্য এখন প্রায় বিলুপ্তির পথে। উদীচীর নৃত্য বিভাগের শিল্পীরা পরিবেশন করলেন এই চমকপ্রদ নৃত্য তাঁদের ঢাকা মহানগর সংসদের দুই দিনের সম্মেলনের শেষ দিনে।ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শেষ হলো উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদের দুই দিনের নবম দ্বিবার্ষিক সম্মেলন। ‘ঊষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত’ স্লোগান নিয়ে শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে গত শুক্রবার শুরু হয়েছিল এই সম্মেলন।গতকাল সকাল ১০টা থেকে ছিল কাউন্সিল অধিবেশন। সম্মেলনে কাজী মোহাম্মদ শীশকে সভাপতি ও অমিত রঞ্জন দে-কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উদীচীর নৃত্য বিভাগের শিল্পীদের পরিবেশনায় রায়বেঁশে নৃত্য। আগের দিনে যুদ্ধকৌশল হিসেবে মূলত এ বিশেষ শৈলীর উদ্ভব হলেও কালের পরিক্রমায় তা নৃত্যশৈলীতে পরিণত হয়। অধুনা বিলুপ্তপ্রায় এ নৃত্যশৈলীকে পুনরুজ্জীবনের প্রয়াস চালিয়েছেন উদীচীর নৃত্য বিভাগের শিল্পীরা। দর্শকেরাও অত্যন্ত আগ্রহ নিয়ে বিরল এ নৃত্যশৈলী উপভোগ করেন।নৃত্যের পর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দুই দিনের এই আয়োজনের সমাপ্তি ঘটে।