নাচের মুদ্রায় শ্রমিকের সাতকাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নৃত্যনাট্য মেইড ইন বাংলাদেশ–এর একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নৃত্যনাট্য মেইড ইন বাংলাদেশ–এর একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো

খুব বেশি শব্দ উচ্চারণ করা হয়নি আয়োজনটিতে। কিন্তু বলা হলো অনেক কথাই। নাচের মুদ্রায় প্রকাশ পেল পোশাকশ্রমিকদের গৌরবগাথা আর দুঃখের সাতকাহন। ভরদুপুরে জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রায় প্রতিটি আসন পূর্ণ ছিল। এক ঘণ্টারও বেশি সময় পিনপতন নীরবতায় দর্শক দেখল ব্যতিক্রমী একটি পরিবেশনা—মেইড ইন বাংলাদেশ। সন্ধ্যায় একই আয়োজনে ছিল উপচে পড়া ভিড়।
জার্মানি, লুক্সেমবার্গ ও সুইজারল্যান্ডের ১১টি শহরে এবং ভারতের চারটি শহরে সফল মঞ্চায়নের পর জার্মান নির্দেশক হেলেনা ভাল্টমানের জার্মান-বাংলাদেশি প্রযোজনা মেইড ইন বাংলাদেশ প্রথমবারের মতো গতকাল সোমবার ঢাকায় মঞ্চস্থ হয়। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় দুপুরে এবং সন্ধ্যায় পর পর দুবার নৃত্যনাট্যটি দেখার সুযোগ ছিল।
মেইড ইন বাংলাদেশ তৈরি পোশাক কারখানার শ্রমালয় এবং তথাকথিত, বৈধ নৃত্য স্টুডিওর তুলনা ও পরখ করে এ সিদ্ধান্তে পৌঁছায় যে দুটির মধ্যে বহু মিল আছে, যা সাংস্কৃতিক অঙ্গন সহজে মেনে নিতে চাইবে না। নৃত্যশিল্পী ও পোশাকশিল্প শ্রমিক—উভয়েই স্বাস্থ্যের সম্ভাব্য বিপদ সত্ত্বেও স্বল্প মজুরির বিনিময়ে তাঁদের শ্রম বিক্রি করেন।
নৃত্যবিন্যাসে হেলেনা ভাল্টমানকে সহায়তা করেছেন কলকাতার নৃত্যশিল্পী বিক্রম আইয়েঙ্গর। প্রযোজনায় কত্থক নৃত্যশৈলীর অবিশ্রান্ত পদসঞ্চালনের মাধ্যমে পোশাকশিল্পের নিষ্করুণ একঘেয়েমিকে ফুটিয়ে তোলা হয়েছে। ১২ জন বাংলাদেশি নৃত্যশিল্পীর অতি নিপুণ ও দক্ষ নৃত্য পরিবেশনার সঙ্গে ব্যবহৃত হয়েছে আন্না সৌপের চলচ্চিত্র। সংগীত পরিচালনা করেছে হান্স নার্ভা, দানিয়াল ডর্শ।
নৃত্যনাট্যটির প্রযোজনায় ছিল হেলেনা ভাল্টমান ও এক্টোপিয়া প্রডাকশন্স। সহায়তা করেছে গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ এবং উপমহাদেশীয় সংস্কৃতি প্রসার কেন্দ্র সাধনা। সন্ধ্যায় অনুষ্ঠানে অতিথি ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফার্ডিনান্ড ফন ভেইহে ও সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস।