নাজনীন চুমকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি সেই সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। চুয়াডাঙ্গার অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের তখন বেশ নামডাক। আমার এক চাচাতো ভাই ওই সংগঠনের সঙ্গে কাজ করতেন। তাঁর সঙ্গেই প্রথম সেখানে যাওয়া। প্রথম দিকে কবিতা ও গান শিখতাম। সেই সময় সংগঠনটির একটি নাটকও নিয়মিত প্রদর্শন হতো। নাটকটির নাম পেটের বিষ। সময়টা ১৯৯২ সাল। নাটকটির প্রদর্শনীর আগের দিন একজন শিল্পী অসুস্থ হয়ে পড়েছিলেন। চরিত্রটি আমাকে করতে হবে—শুনেই তো আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। মাত্র এক দিন মহড়া করার সুযোগ পেলাম। মঞ্চে ওঠার আগ পর্যন্ত আমি তো ভয়ে অস্থির। শত শত মানুষের সামনে অভিনয় করব, যদি সংলাপ ভুলে যাই, তাহলে? দলের সবাই সাহস দিয়ে মঞ্চে তুলে দিলেন। মজার ব্যাপার, মঞ্চে ওঠার পর নিজের মধ্যে কোনো ভয়ই কাজ করল না। খুব সুন্দরভাবে পুরো নাটকে অভিনয় করে গেলাম। নাটক শেষে কী যে প্রশংসা!