নাজিয়া আন্দালিবের একক প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী প্রিমা নাজিয়া আন্দালিবের চিত্রকর্মে ফুটে ওঠে মনোমুগ্ধকর এক সাবলীল চিত্রনৈপুণ্য। তাঁর ছবিতে মিষ্টি রঙের হালকা পরশ নেই। রংগুলো যেন সমাজের ভ্রুকুটি উপেক্ষা করা এক বিক্ষুব্ধ নারী শিল্পীর আত্মার জাগরণ। গুলশানে বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও আর্ট গ্যালারি বেঙ্গল আর্ট লাউঞ্জের আয়োজনে গত শনিবার থেকে চলছে শিল্পীর একক চিত্র প্রদর্শনী ‘প্রিমা দোন্না’ বা অগ্রবর্তিনী।শনিবার সন্ধ্যায় বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসমস গ্রুপের চেয়ারম্যান এনায়েতউল্লাহ খান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরেণ্য শিল্পী মুর্তজা বশীর, শিল্পী নাজিয়া আন্দালিব ও বেঙ্গল গালারির পরিচালক সুবীর চৌধুরী।প্রদর্শনীতে প্রায় ৬০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। নাজিয়া আন্দালিবের এবারের প্রদর্শনীর বিষয়বস্তু বিচিত্র। শিল্পীর স্টুডিওতে সাম্প্রতিক সময়ে বাছাই করা কাজগুলোই স্থান পেয়েছে এতে। তবে বরাবরের মতো এবারও নারী বিষয়ের ছবি রয়েছে প্রদর্শনীতে। তিনি তাঁর শিল্পকর্মে পুরুষশাসিত সমাজকে তীব্র অবলোকনের ভেতর দিয়ে চাবুক মেরে নারীর অবস্থানকে জাগিয়ে তুলেছেন। প্রদর্শনী চলবে ১৩ মে পর্যন্ত।শ্রমে-সৃষ্টিতে শ্রমিকের জয়গান‘শ্রমে-সৃষ্টিতে শ্রমিকের জয়গান’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উল্টো দিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথে ছবির হাটে চলছে ছবির হাট শিল্পকর্মের বিশেষ প্রদর্শনী। স্থাপনাশিল্প, চিত্রকর্মসহ ১৮টি শিল্পকর্ম ঠাঁই পেয়েছে এই প্রদর্শনীতে। সাভারে ভবনধসে সংঘটিত মর্মান্তিক প্রাণহানির বিষয়টি নিয়ে সৃজিত হয়েছে বেশ কয়েকটি শিল্পকর্ম। পোশাকশ্রমিকদের নিরাপত্তাহীন কর্মপরিবেশসহ তাঁদের জীবনের ঝুঁকির বিষয়টি উঠে এসেছে এসব শিল্পকর্মে। এ ছাড়া শ্রমিকদের অধিকার রক্ষা, নিবেদিত শ্রম, শ্রমের মর্যাদা, অপর্যাপ্ত মজুরিসহ নানা বিষয় উপজীব্য করে রচিত হয়েছে বেশ কিছু শিল্পকর্ম।প্রদর্শনীতে অংশ নেওয়া হাটুরে শিল্পীরা হলেন সালেহ মাহমুদ, আনিসুজ্জামান সোহেল, বিপুল শাহ, রবি খান, জোয়ার্দার মাহমুদ, কামরুজ্জামান স্বাধীন, ফজলুর রহমান ভুটান, নাসির আহমেদ, মাসুদুর রহমান, ইশরাত জাহান, আবদুল গাফফার প্রমুখ।১১ মে পর্যন্ত চলবে প্রদর্শনী। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীরা এসব শিল্পকর্ম দেখার সুযোগ পাবেন।উদীচীর অভিনয় কর্মশালা৩১ মে থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় নাটক বিভাগ আয়োজিত তিন মাসব্যাপী অভিনয়বিষয়ক কর্মশালা। এটি হবে উদীচীর অভিনয়বিষয়ক কর্মশালার একাদশ আবর্তন। শুরু হয়েছে কর্মশালার ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়ার কাজ। ১৪/২, তোপখানা রোড (জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) উদীচীর কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করে সেখানেই জমা দেওয়া যাবে। ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ২১ মে। ২৪ মে ভর্তি-ইচ্ছুক প্রশিক্ষণার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩১ মে থেকে শুরু হবে কর্মশালার প্রশিক্ষণ কার্যক্রম। কর্মশালায় প্রশিক্ষকেরা হলেন মামুনুর রশিদ, লাকী ইনাম, আফরোজা বানু, রতন সিদ্দিকী, আশীষ খন্দকার ও আজাদ আবুল কালাম।