নাটক, চিত্রপ্রদর্শনী ও নৃত্যে মুখরিত শিল্পকলা একাডেমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটিতে পড়ে আছে ক্ষতবিক্ষত মৃতদেহ। চারদিকে রক্তের দাগ। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সিঁড়ির পাশে এই স্থাপনা শিল্পকর্মটি মনে করিয়ে দেয় মুক্তিযুদ্ধের কথা। বধ্যভূমির শোকগাথা। নাট্যশালার করিডরে রয়েছে আরও বেশ কিছু স্থাপনা শিল্পকর্ম। সবগুলোই বলছে মুক্তিযুদ্ধের লাখো শহীদের কথা, জানান দিচ্ছে মুক্তিযুদ্ধের গৌরব। মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসব উপলক্ষে সাজানো হয়েছে পুরো শিল্পকলা একাডেমী।গতকাল শুক্রবার ছিল উৎসবের পঞ্চম দিন। মোট ১২টি নাটক মঞ্চস্থ হয় এই দিন। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বিকেল পাঁচটায় মঞ্চস্থ হয় আমানুল হকের পরিচালনায় বাংলাদেশ ব্যালে ট্রুপ, ঢাকার নৃত্যনাট্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় রফিকুল আলমের নির্দেশনায় সংলাপ গ্রুপ থিয়েটারের নাটক মানব সুরত।পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হয় রেজা আরিফ নির্দেশিত রংপুর জেলা শিল্পকলা একাডেমীর নাটক ভ্রু তাং তাং। স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হয় আমিরুল ইসলাম নির্দেশিত সিলেট মুরারি চাঁদ কলেজের নাটক মুক্তিকথন, দাস খোকন নির্দেশিত চট্টগ্রাম সিটি কলেজের নাটক স্বাধীনতা, মো. আলাউদ্দীন নির্দেশিত চুয়াডাঙ্গা সরকারি কলেজের নাটক নষ্ট এবং স্বপন ভট্টাচার্য নির্দেশিত কক্সবাজার সিটি কলেজের নাটক দাম দিয়ে কিনেছি বাংলা।জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে পরিবেশিত হয় হারুন-অর-রশিদ নির্দেশিত জেলা শিল্পকলা একাডেমী টাঙ্গাইলের নৃত্যনাট্য মুক্তির পথে, তারেকুজ্জামান তারেক নির্দেশিত দিনাজপুর আদর্শ কলেজের নাটক অবিরত, সাম্য রহমান নির্দেশিত টাঙ্গাইল মাহমুদুল হাসান ডিগ্রি কলেজের নাটক আগুনের ছায়া, শফিকুল ইসলাম নির্দেশিত মাগুরা সরকারি হোসেন শহীদ সোহাওয়ার্দী কলেজের নাটক রক্তাক্ত সময়। প্রতিটি নাটকেই মুক্তিযুদ্ধ ও দেশের কথা বলা হয়েছে। মুক্তিযুদ্ধের এই নাট্যোৎসবের অংশ হিসেবে জাতীয় চিত্রশালায় চলছে মুক্তিযুদ্ধের চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী।