নাটক আসলে অনেক ক্রিয়ার সমষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকে কর্মশালা একটু তাড়াতাড়িই শেষ হয়ে গেল। নির্দেশক এই সময়কে কাজে লাগাতে চাইছিলেন, তাই নাট্যকারকে উসকে দিলেন, ‘কী ব্যাপার, আপনি আজ কোনো কথাই বলছেন না?’ নাট্যকার সুযোগ পেয়ে গেলেন, ‘ভাবছিলাম। কর্মশালায় বসে থাকতে থাকতে একটা বিষয় লক্ষ করলাম, নাটক আসলে অনেক ক্রিয়ার সমষ্টি। মঞ্চে যাকে আমরা অ্যাকশন বলি। সত্যি বলতে কি নাটকে আমরা একের পর অ্যাকশনই সৃষ্টি করে চলি। সার্থক প্রযোজনার জন্য ভালো ভালো অ্যাকশনের সমন্বয় অত্যন্ত জরুরি। আর এ কাজ করার জন্য অভিনেতা-অভিনেত্রীর দৈহিক প্রস্তুতি খুব জরুরি।’ এবার নির্দেশক কথার মাঝে বাধা দিলেন, ‘শুধুই দৈহিক প্রস্তুতি।’ নাট্যকার ঢোঁক গিললেন, ‘না, তা হবে কেন? কান টানলে মাথাও আসে, মনের প্রস্তুতিও দরকার। যা হোক, আমি দেহটাকে নিয়েই ভাবছিলাম। একটু লক্ষ করলেই আমরা দেখব, যেকোনো নাটকেই করা, বলা, চলা—তিনটি অ্যাকশন বা ক্রিয়ারই আধিপত্য। একজন অভিনেতা এ কাজগুলো করেন বলেই বোধ হয় অভিনেতাকে অ্যাক্টর বলে। যাক গে, যে কথা বলছিলাম; এই অ্যাকশনের ব্যাপারটি অভিনেতার একক দায়িত্বের মধ্যে পড়লেও পুরো দলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বও থাকে তাঁর কাঁধে। একা একা খেলে গোল করা যায় না। সবাইকে নিয়ে খেলাটা খেলতে হয়।’ পেছনে বসা দলের একজন সদস্য হাত তুলে জানতে চাইল, ‘একজন অভিনেতা কি তার ইচ্ছেমতো অ্যাকশন করতে পারে?’ নাট্যকার কিছু বলার আগেই নির্দেশক জবাব দিলেন, ‘না। মঞ্চে যা খুশি তা-ই করা যায় না। মঞ্চের প্রতিটি ক্রিয়াই হতে হবে যৌক্তিক, বিশ্বাসযোগ্য। অযৌক্তিক ঘটনাটিও যৌক্তিকভাবে ঘটাতে হবে। অযৌক্তিকভাবে সামান্য হাঁচি-কাশিও দেওয়া যাবে না। নির্দেশক হিসেবে তোমাদের একাজগুলো আমাকে দেখতে হয়।’ একনাগাড়ে কথাগুলো বলে নির্দেশক থামলেন।নির্দেশকের কথায় সদস্যটির কৌতূহল যেন আরও বেড়ে গেল, ‘এসব অ্যাকশন সম্পর্কে যদি আরেকটু বলতেন।’ নির্দেশক আবার বলতে শুরু করলেন, ‘করা, বলা, চলা কিংবা মুখের অভিব্যক্তি ছাড়াও অভিনয়ের জন্য অনেক রকম অ্যাকশনের দরকার হয়। এই যেমন দৌড়ানো, লাফানো, টানা, ঠেলা দেওয়া, ধাক্কা মারা, চাপ দেওয়া, এলোপাতাড়ি আঘাত করা, মোচড়ানো, নিংড়ানো, টোকা দেওয়া, ওড়া, ভেসে বেড়ানো। এগুলোকে বলা হয় মৌলিক ক্রিয়া।’ অনেকক্ষণ কথা বলতে না পারায় নাট্যকারের অস্বস্তি হচ্ছিল। এবার আর চুপ করে থাকতে পারলেন না, ‘ঠিক বলেছেন। তবে একটা বিষয় কি এসব অ্যাকশন সব সময় এক রকম হয় না। নাটকীয় পরিস্থিতির কারণে কখনো দ্রুত, কখনো ধীর, কখনো জোরালো, কখনো বা হালকাও হয়। অনেক সময় দিক পরিবর্তনও ঘটে; সামনে, পেছনে, পাশে, ওপরে, নিচে। অ্যাকশনের নানা রকমফের—ধীরে ধীরে গতি বাড়াতে-কমাতে হয়। কখনো বা ক্রমাগত তীব্রতার পরিবর্তন আনতে হয়। একটি ক্রিয়া থেকে আরেকটি ক্রিয়ায় যাওয়ার প্রস্তুতিও নিতে হয়। এ জন্য শরীরের ওপর নিয়ন্ত্রণ খুবই জরুরি। এসব অ্যাকশন অনায়াসে ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য দরকার দেহের নমনীয়তা আর ভারসাম্য রক্ষা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের এ দুটি ক্ষমতাই দ্রুত কমতে থাকে।’ কর্মশালার পরিচালক এতক্ষণে তাঁর কর্মশালার যৌক্তিকতা তুলে ধরার একটা সুযোগ পেলেন, ‘অভিনয়শিল্পীর জন্য একটি মূল্যবান সম্পদ দেহ। যত দিন দেহ, তত দিন অভিনয়। আমরা কেউ ব্যায়ামবীর কিংবা খেলোয়াড় হওয়ার জন্য কর্মশালা করছি না। অভিনয় একটি দেহজাত ক্রিয়া বা শিল্প। অভিনয়ের জন্যই দরকার শরীরটাকে সুস্থ-সতেজ রাখা। কর্মশালার এই অনুশীলনীগুলো সে জন্যই প্রয়োজন।’সবার মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছিল, তাঁরা কেউই আর কর্মশালা পরিচালকের কথা শুনতে আগ্রহী নন। বিষয়টা বুঝতে পারলেন নির্দেশক, ‘আমার মনে হয় না কর্মশালার যৌক্তিকতা নিয়ে আর কিছু বলার প্রয়োজন আছে। তবে যে বিষয়টা সবচেয়ে জরুরি, তা হলো কর্মশালার কাজগুলো বাড়িতে নিয়মিত অনুশীলন করা। তা না হলে এত কষ্ট কোনো কাজেই আসবে না। আজ এ পর্যন্তই থাক।’