নাটক ও আলোচনায় মুনীর চৌধুরী
মুনীর চৌধুরী বাঙালি সংস্কৃতির ওপর কোনো আঘাত কখনো সহ্য করেননি। তিনি সব সময় সমকালীন জাতীয় আন্দোলনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। নানা সময় পাকিস্তান সরকারসহ বিভিন্ন গোষ্ঠীর রবীন্দ্র-বিরোধিতার তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মুনীর চৌধুরী স্মরণে শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনের এ সভায় আলোচনা করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ইসরাফিল শাহীন। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তাঁরা বলেন, মুনীর চৌধুরী ছিলেন শিক্ষাবিদ, নাট্যকার ও সাহিত্য-সমালোচক। ১৯৪৭-পরবর্তী সময়ে বাংলা নাটকে তিনি নতুন মাত্রা যুক্ত করেন। নিম্নবিত্ত জীবনের কাহিনি নিয়ে তাঁর নাটক কবর রাজনৈতিক চেতনার এক সূক্ষ্ম প্রকাশ। নাটকের জন্য বাংলা একাডেমী পুরস্কারসহ তিনি বেশ কয়েকটি পুরস্কার লাভ করেন।দ্বিতীয় পর্বে নাটক ‘দণ্ড’: বৃদ্ধ দম্পতি—স্বামী আইনজীবী, স্ত্রী গৃহিণী। এক রাতে স্বামী এক মহিলার কিছু ছবি দেখছে। এ নিয়ে স্ত্রী স্বামীকে সন্দেহ করে। অন্যদিকে স্ত্রী দাঁতের ডাক্তারের ভুল করে ফেলে যাওয়া ডায়েরি পড়ায় সন্দেহ করে স্বামী। মুনীর চৌধুরী রচিত দণ্ড নাটকের শুরুটা এমনই। এটি মঞ্চস্থ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ। নির্দেশনা দেন মোহাম্মদ জসীম উদ্দীন। অভিনয় করেন সাকী ফারজানা, বিদ্যুৎ সরকার ও মাহবুব লিটন।