নাটক ও টেলিছবি নিয়ে ঈদে মিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফসানা মিমি এক ঘণ্টার টিভি নাটকে সর্বশেষ অভিনয় করেছিলেন গত রোজার ঈদে। নাটকটির পরিচালক ছিলেন নির্মাতা আরিফ খান। এতে আফসানা মিমির সহশিল্পী ছিলেন শহীদুজ্জামান সেলিম। ২০১০ সালের রোজার ঈদে নাটকটি প্রচারিত হয়েছিল। প্রায় এক বছর পর এবার ঈদের টেলিছবি ও নাটকে অভিনয় করতে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী। টেলিছবিটির নাম আকাশ জোড়া মেঘ। রচনা অরুণ চৌধুরী। পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। নাটকটি লিখেছেন বদরুল আনাম সৌদ আর পরিচালনা করবেন সুবর্ণা মুস্তাফা। জুলাই মাসের প্রথম সপ্তাহে যথাক্রমে টেলিছবি ও নাটকের শুটিংয়ে অংশ নেবেন বলে জানালেন মিমি।আফসানা মিমি আরও বলেন, পৌষ ফাগুনের পালা নাটকটির কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকতে হয় যে ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো নাটকে অভিনয় করতে পারি না। তবে এবার অরুণদা (অরুণ চৌধুরী) ও সুবর্ণা আপার (সুবর্ণা মুস্তাফা) অনুরোধ ফেলতে পারিনি। টেলিছবি এবং নাটকটির গল্পটাও শুনে খুবই ভালো লেগেছে। তাই কাজ দুটি করতে রাজি হয়ে গেলাম। টেলিছবি ও নাটকটিতে কাজ করার জন্য জুলাই এবং আগস্ট মাসে পৌষ ফাগুনের পালা নাটকের শুটিং থেকে কয়েক দিনের সময় বের করে নিয়েছেন।পৌষ ফাগুনের পালা নাটকের শুটিং ছাড়াও মিমি বর্তমানে বাংলাভিশনে মনের কথা নামের অনুষ্ঠানটি উপস্থাপনার কাজে ব্যস্ত আছেন। মিমি আরও জানান, এ বছরের শেষ দিকে তিনি মুহম্মদ জাফর ইকবালের ক্যাম্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের শুটিংও শুরু করবেন। বর্তমানে এটির সব ধরনের প্রস্তুতির কাজও চলছে।