নাটক ও টেলিছবিতে শিল্পের অপমৃত্যু ঘটছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিঠি আনোয়ারের উপস্থাপনায় মাছরাঙা টি​িভতে নিয়মিত প্রচারিত হয় ‘ই​েচ্ছ গানের দুপুর’
দিঠি আনোয়ারের উপস্থাপনায় মাছরাঙা টি​িভতে নিয়মিত প্রচারিত হয় ‘ই​েচ্ছ গানের দুপুর’

আমরা এ সপ্তাহের আলোচনা শুরু করব একটি গানের অনুষ্ঠান দিয়ে। ২০ জানুয়ারি শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে ছিল মাছরাঙা টেলিভিশনে সরাসরি প্রচারিত নিয়মিত গানের অনুষ্ঠান ‘ইচ্ছে গানের দুপুর’। অনুষ্ঠানে এ দিনের শিল্পী ছিলেন আশিক। আর উপস্থাপনায় ছিলেন দিঠি আনোয়ার।
আশিক তরুণ প্রজন্মের সংগীতশিল্পী। লোক গান করেন। এ প্রজন্মের শিল্পীদের লোকসংগীতে আগ্রহের অভাব। এদিক থেকে লোকসংগীতের প্রতি তাঁর এ আসক্তি প্রশংসনীয়। সিলেট অঞ্চলের মানুষ বলে সিলেটের আঞ্চলিক গান থেকে শুরু করে, হাসন রাজা, শচীন দেব, বাউল সালামের গান—সবই উঠে এসেছে তাঁর কণ্ঠে। সুরেলা হলেও তাঁর কণ্ঠে গভীরতার অভাব পরিলক্ষিত হয়েছে। আর শচীন দেবের বিখ্যাত গান ‘নিশিথে যাইও ফুলবনে’ গানটি তিনি গাইলেন ‘নিশাথে যাইও ফুলবনে’। এমনটা কেন করলেন বুঝলাম না। অনেক ক্ষেত্রেই দেখা যায়, এ প্রজন্মের শিল্পীদের সঠিক শব্দ ও সুরের প্রতি উদাসীনতা। শিল্পী আশিকেরও এ ব্যাপারে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।
এবারে আসি নাটক ও টেলিছবি প্রসঙ্গে। ২০ জানুয়ারি রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হলো নাটক টাকা। রচনা করেছেন শফিকুর রহমান ও পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, আনিসুর রহমান মিলন, নাবিলা প্রমুখ।
নাটকের শুরুতেই বৃদ্ধা সুবর্ণা হঠাৎ এক ব্যাগ টাকা নিয়ে হুড়মুড় করে ঢুকে পড়েন মিলন ও নাবিলাদের বাসায়। সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞানও হয়ে যান। ইতিমধ্যে মিলন ও নাবিলা দেখতে পান বৃদ্ধার ব্যাগভর্তি টাকা। বৃদ্ধার জ্ঞান ফিরে এলে জানা যায়, এ টাকা তিনি পেয়েছেন মৃত স্বামীর সম্পত্তি বিক্রি করে। এরপর মহিলাকে তাঁরা আশ্রয় দেন। মহিলার টাকা কেন্দ্র করে মিলন-নাবিলা ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখতে থাকেন। মহিলা একসময় টাকা রেখে চলেও যান, আবার ফিরেও আসেন। তারপর শেষে তিনি সব বলে দেন, মিলন তাঁর হারানো সন্তানের মতো। তাই বাৎসল্যের টানে এমন নাটকীয়ভাবে তিনি এখানে আশ্রয় নিয়েছেন। এরপর বৃদ্ধাকে তাঁরা মাতৃ মমতায় গ্রহণ করেন।
নাটকটি দেখতে দেখতে মনে হচ্ছিল যেন ষাট দশকের কোনো গল্প। গল্পের বুনন অযৌক্তিক। অভিনয় কিছুটা ভালো হলেও, নিম্নমানের সংলাপের কারণে তা কোনো আবেদন জাগাতে পারেনি।
এবার আরেকটি নাটকের কথা উল্লেখ করি। ১৯ জানুয়ারি ৭টা ৪০ মিনিটে শাখাওয়াত শিবলীর পরিচালনায় মাছরাঙা টিভিতে প্রচারিত হলো নাটক হিরোইন। মুখ্য চরিত্রে ছিল সজল ও অপর্ণা ঘোষ। একজন অভিনেত্রীর জীবনের পেছনের ঘটনা নিয়ে নাটক। সজলের সঙ্গে অপর্ণার অতীত প্রেম, বিয়ে, জটিলতা এরপর চিত্রনায়িকা হয়ে তা তাঁর ক্যারিয়ারের কথা ভেবে মায়ের চক্রান্তে গোপন করা ইত্যাদি। নাটকটির গল্প অত্যন্ত গতানুগতিক। দুর্বল সংলাপ এবং ততোধিক দুর্বল অভিনয়। বিশেষ করে সজল ও হিরোইনের মায়ের ভূমিকায় অভিনয় কৃত্রিম মনে হয়েছে।
এবার টেলিছবির কথা বলা যায়। সম্ভবত এগুলো পুনঃপ্রচার। আমরা আগেও বলেছি, বেশির ভাগ সময় কোনো চ্যানেলই পুনঃপ্রচার কথাটি উল্লেখ করে না। দর্শকদের কাছে এটি একটি বিভ্রান্তি।
১৯ জানুয়ারি রাত ৮টা ৩০ মিনিটে সাদেক সিদ্দিকীর পরিচালনায় চ্যানেল নাইনে প্রচারিত হলো টেলিছবি মনের কথা। অত্যন্ত নিম্নমানের সংলাপ এবং তারও চেয়ে নিম্নমানের অভিনয়। প্রায় দুই ঘণ্টা ধরে নিজের সঙ্গে যুদ্ধ করে ও কষ্ট করে টিভির সামনে বসে দেখতে হয়েছে এ লেখাটির জন্য।
টেলিভিশনে শিল্পসম্মত ও সৃজনশীল অনুষ্ঠানের মধ্যে নাটক ও টেলিছবিই অন্যতম। আর এই যদি হয় সেই শিল্পের মান, তাহলে এ নিয়ে খবর বড় আশা করা যায়, তা বলা যাবে না। বরং বলতে হয়, বর্তমান টেলিছবি ও টিভি নাটকে শিল্পের অপমৃত্যু ঘটছে। বিষয়টি এর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী, কলা-কুশলী ও চ্যানেল কর্তৃপক্ষের বোধ হয় ভাবাটা জরুরি।