
প্রতিদিন সন্ধ্যা নামতেই শিল্পকলার সামনে মানুষ আর মানুষ। কেউ আসেন ঘুরতে, কেউ নাটক দেখতে আবার কেউ আসেন অভ্যাসের বশে। এখানে না এলে যেন তাঁদের পেটের ভাত হজম হয় না।
২৯ নভেম্বরের সন্ধ্যাটি ছিল একটু ভিন্ন। দল বেেঁধ পোশাককর্মীরা এসেছিলেন নাটক দেখতে। টিকিট কাউন্টারে গিয়ে এক দর্শক জিজ্ঞেস করলেন, ‘ভাই! গার্মেন্টস নিয়ে নাটকটি কোথায় হচ্ছে?’ জাতীয় নাট্যশালার সামনে তখন দর্শকদের বেশ লম্বা সারি। সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কর্তা-ব্যক্তিদেরও। কেন উৎসুক দর্শকের এত প্রতীক্ষা? কেন আজ পোশাককর্মীরাও এত উৎসাহ নিয়ে নাটক দেখতে এলেন?
সেদিন ছিল আরণ্যক নাট্যদলের নতুন নাটক স্বপ্নপথিক-এর উদ্বোধনী প্রদর্শনী। সাম্প্রতিক সাভার ট্র্যাজেডি নিয়ে তৈরি হয়েছে নাটকটির পাণ্ডুলিপি। ভবনধসের ঘটনাটিকে পুঁজি করে, পোশাকশ্রমিকের যাপিত জীবন এবং মালিক-শ্রমিকের মধ্যকার সম্পর্ক ও সমস্যার স্বরূপ উদ্ঘাটন করেছেন নাট্যকার হারুন রশীদ। তার চেয়েও আরও বেশি গুরু দায়িত্বটি বোধ হয় পালন করলেন নাটকের নির্দেশক মামুনুর রশীদ। চমৎকার সব দৃশ্য নির্মাণের মধ্য দিয়ে গল্পকে দর্শকের চোখে জীবন্ত করে তোলার প্রাণান্ত চেষ্টা নির্দেশকের। কিন্তু ভালো-মন্দের বিচারের ভার তো দর্শকের।
এবার স্বপ্নপথিক নিয়ে কথা বলা যাক। নাটকের শুরুতে শ্রুতিমধুর এক সূরের ব্যঞ্জনা প্রথমেই মনোযোগ আকর্ষণ করে। আর তার সঙ্গে কোরিওগ্রাফি। কুশীলবদের অপূর্ব দেহভঙ্গিমায় মূর্ত হয়ে উঠেছে পোশাকশ্রমিকের দৈনন্দিন জীবনচিত্র। যথেষ্ট শিল্পনৈপুণ্যের ছাপ রয়েছে উপস্থাপনায়। এ ক্ষেত্রে সাধুবাদটা কাকে দেওয়া যায়? নির্দেশককে নাকি কোরিওগ্রাফারকে?
দৃশ্যপরম্পরায় উন্মোচিত হতে থাকে শ্রমিকদের মধ্যকার পারস্পরিক সম্পর্কের স্বরূপ। গার্মেন্টের ফ্লোরের একটি দৃশ্য। ফ্লোর ইনচার্জ জয়নাল, শ্রমিক নেতা লতিফ, সিকিউরিটি গার্ড আইজুল হাকিম, পোশাককর্মী ফোয়ারা, জরিনা, সুফিয়া, রাধারানী চরিত্রগুলোর অপূর্ব রূপায়ণ। হাসি-ঠাট্টার মধ্য দিয়ে নিমেষেই যেন তাঁরা মিশে গেলেন চরিত্রের সঙ্গে। তাঁদের অভিনয়শৈলীতে মূর্ত হয়ে উঠল পোশাকশ্রমিকের যাপিত জীবনের নানা হূদয়স্পর্শী গল্পচিত্র, যা হয়তো অনেক দর্শকেরই অজানা। চরিত্রগুলোর দ্বান্দ্বিক সম্পর্কের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে ওঠে শ্রেণী সংগ্রামের আরেক করুণ চিত্র।
নাটক চলতে থাকে। কিন্তু আমাদের হাতে আর সময় নেই। এবার যেতে হবে এক্সপেরিমেন্টাল হলে। সেখানে চলছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আয়োজন। সমাপনী পরিবেশনায় মঞ্চস্থ হচ্ছে পরিবেশনা পদাতিক নাট্য সংসদের নাটক ট্রাইব্যুনাল। এ ছাড়া দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল নৃত্য পরিবেশনা, র্যালি ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
ওদিকে তখন শিল্পকলা মাঠে কী হচ্ছে? দৃষ্টিনন্দন এক আলোকসজ্জা সেখানে। বেশ বড় বড় ব্যানারে শোভা পাচ্ছে নাটকের দল প্রাঙ্গণেমোরের বিভিন্ন নাটকের ছবি। আরে! এখানে তো নাট্যোৎসব চলছে। ঝটপট কথা বললাম প্রাঙ্গণেমোরের দলপ্রধান অনন্ত হীরার সঙ্গে। জানালেন, দলের আটটি প্রযোজনা নিয়ে আয়োজন হয়েছে এই উৎসবের। মজার ব্যাপার হলো উৎসবের পুরো আয়োজন হয়েছে সংগীত ও নৃত্যশালা মিলনায়তন ঘিরে, যা আগে কখনো হয়নি। সেদিন ছিল নাট্যোৎসবের সমাপনী দিন। মঞ্চস্থ হয়েছে সৈয়দ শামসুল হকের নাটক ঈর্ষা। পাঠক...! এরই মধ্য দিয়ে শেষ হলো শিল্পকলা একাডেমিতে আমাদের ২৯ নভেম্বরের গল্প।