নাটক নিয়ে বই

টেলিচ্যানেল বেড়ে যাওয়ায় এখন পরিবেশনা শিল্পের প্রতি জোর দেওয়া হচ্ছে বেশি। প্রায় প্রতিটি চ্যানেলেই পরিবেশিত হচ্ছে নাটক। প্রতিদিনই নানা ধারাবাহিকে ঠাসা থাকছে টিভি চ্যানেলের অনুষ্ঠানগুলো। মঞ্চনাটকেও নানা নিরীক্ষার কারণে নাটক নিয়ে ভাবনাচিন্তা করার ক্ষেত্র প্রসারিত হয়েছে। লক্ষ করে দেখেছি, টেলিভিশনে যে অজস্র নাটক পরিবেশিত হয়, তার বেশির ভাগেরই কাহিনি দুর্বল, অভিনয় আরও বেশি দুর্বল। একজন-দুজন ভালো পারফরমারকে নাটকে রেখে অভিনয়প্রতিভাহীন, চর্চাহীন বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দিয়ে কাজ উদ্ধার করার প্রবণতা বাড়ছে। তাতে নাটক হারাচ্ছে তার ঋজুতা। অভিনয় করতে হলে চর্চার রয়েছে এক বিরাট ভূমিকা, সে কথা অনেকেই ভুলে যাচ্ছে। ফলে, প্রযোজক বা পরিচালকের কাছে কোনো মানুষের চেহারা পছন্দ হয়ে গেলে তাকেই তারকা বানিয়ে দেওয়ার একধরনের প্রবণতাও তৈরি হয়েছে। এটা খুবই ভয়াবহ একটি ঘটনা।
এত কথা বলতে হলো একটি বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব বলে। যাঁরা আমাদের পরিবেশনা শিল্প বাঁচাবেন, তাঁদের দায় আছে এই জগৎ বোঝার। এই জগৎ নিয়ে কাজ করার আগে একটা প্রস্তুতি অবশ্যই থাকা দরকার। সে প্রস্তুতির একটি পথ হতে পারে ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিজ্ঞান নাট্যকথা বইটি। পরিবেশনা শিল্পের জগতে ভাস্বর বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরে কাজ করছেন। কবিতা ও নাটক দিয়ে ভরা তাঁর অভিজ্ঞতার ঝুলি। ফলে এ বিষয়ে বিভিন্ন সময় তিনি যে প্রবন্ধগুলো লিখেছেন, তারই কিছু অংশ নিয়ে তৈরি হয়েছে বইটি।
নাটক নিয়ে স্তানিস্লাভস্কির বইগুলো এখনো নাট্যপ্রেমীদের আকর্ষণ করে। ব্রেখটের নাট্যদর্শন নিয়েও আগ্রহের শেষ নেই। অগাস্তো বোয়ালের নির্যাতিতের থিয়েটার নিয়েও গভীর ভাবনার অবকাশ আছে। উৎপল দত্ত তাঁর চায়ের ধোঁয়া আর জপেনদা জপেন যা বইগুলোতে নাট্যভাবনাকে বৈঠকি আড্ডার মতো কৌতূহলোদ্দীপক করে তুললেন। সাহিত্য প্রকাশ থেকে বের হওয়া ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের এই বই পড়লে শিল্প ও সমাজের সঙ্গে থিয়েটারের সম্পর্ক থেকে শুরু করে পৃথিবীজুড়ে থিয়েটার নিয়ে প্রতিষ্ঠিত যে ভাবনাগুলো আছে, তার পরিচয় পাওয়া যাবে। ঠাকুরবাড়ির নাট্যচর্চার বিষয়টিও আকর্ষণীয়ভাবে বর্ণনা করা আছে বইয়ের একটি অধ্যায়ে। আর স্তানিস্লাভস্কি, মলিয়ের, বেকেট, বোয়ালের পাশাপাশি অ্যাবসার্ড নাটক, রাজনৈতিক নাটক ইত্যাদিকেও পাঠকের সঙ্গে পরিচিত করে তুলেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
যারা নাটককে ধারণ করতে চায়, তারা বইটি সংগ্রহ করতে পারে। এই বই থেকেই নাটক সম্পর্কে আরও আগ্রহ তৈরি হওয়ার অবকাশ আছে।