নাটক নিয়ে ব্যস্ত ভীষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারিন, তিশা, বিন্দু, মম—টিভি নাটকের চার কন্যা। তাঁদের ব্যস্ততা সারা বছরই। তবে ঈদের আগে এই ব্যস্ততা বেড়ে যায় অনেক গুণ। একটি নাটকের শুটিং করছেন, ওদিকে আরেকটি নাটকের পরিচালক অপেক্ষা করছেন। তাই একটির শুটিং শেষ করেই শিল্পীকে ছুটতে হচ্ছে অন্যটিতে। পরিচালকও ব্যস্ত, দ্রুত কাজ শেষ করে নাটক জমা দিতে হবে টিভি চ্যানেলে। আর মাত্র কয়েক দিন পরই যে ঈদ। এই ব্যস্ততা কীভাবে উপভোগ করেন তারকারা? নাকি এই ব্যস্ততার জন্য এই কয়টা দিন নিজের কিংবা পরিবারের সবকিছু বিসর্জন দিতে হয়? ব্যস্ততার ভিড়ে নিজের স্বাভাবিক অভিনয় কি করতে পারছেন শিল্পী? বিন্দুর ধারণা, এবার ঈদে হয়তো তাঁর সর্বাধিক নাটক প্রচারিত হবে। তবে সংখ্যাটি তাঁর জানা নেই। তিনি বললেন, ‘ধারাবাহিক নাটক তো সেভাবে করা হয় না। যা করছি, তা এক ঘণ্টার নাটক কিংবা টেলিছবি। মাস তিন-চারেক ধরে যে কাজগুলো করছি, তার বেশির ভাগই ঈদের জন্য।’ঢাকা কিংবা কাছাকাছি কোথাও শুটিং হলে বিন্দু চেষ্টা করেন ইফতারের সময় বাসায় থাকতে। মা-বাবার সঙ্গে ইফতার করেন। এখন নাকি দিনের বেলায় এক নাটকের শুটিং আর রাতে অন্য নাটকের শুটিং করতে হচ্ছে তাঁকে। এ সপ্তাহের গোড়ার দিকে এমন হলো—একজন পরিচালকের কাজ শেষ করে ইফতারের জন্য বাসায় এলেন। ইফতারের পর ছুটলেন অন্য একটি নাটকের কাজ করতে। কিছু দৃশ্য ছিল রাতের। সেগুলো এই রাতেই শেষ করতে হবে। ওদিকে সেহিরর সময় শেষ হচ্ছে। একটু পরই সূর্য উঠবে। সেহির মুখে দিয়েই আবার দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনে। ভোরে বাসায় ফিরে ঘণ্টা তিনেক ঘুমিয়ে নিলেন। ঘুম থেকে জেগে আবার ছুটলেন শুটিংয়ে।এবার আগে থেকেই তিশা সিদ্ধান্ত নিয়েছেন, খুব বেশি নয়, ঈদের জন্য হাতেগোনা কিছু কাজ করবেন তিনি। অনেক আগে থেকে পরিকল্পনাও করেছেন সেভাবেই, যাতে নাটক কিংবা নিজের ওপর খুব বেশি চাপ না পড়ে। বেছে বেছে তবেই কাজ হাতে নিয়েছেন। তিনি বললেন, ‘এবার কিন্তু নানা ধরনের চরিত্রে অভিনয় করেছি। আর গল্পগুলোও দারুণ। আগে থেকে নিজের চরিত্রগুলো নিয়ে ভাবতে পেরেছি, গেটআপ-মেকাপ চূড়ান্ত করেছি। নিজেকে ভাঙার চেষ্টা করেছি। দর্শক যাতে আমার কাছ থেকে নতুন কিছু পায়, সেই ইচ্ছা তো ছিলই।’তিশা জানালেন, কিছুদিন আগে আশফাক নিপুণের নাটকের কাজ করতে গিয়ে একই দিনে অনেকগুলো পান খেতে হয়েছে তাঁকে। আর তাতেই বিপত্তি—এক সপ্তাহ সাধারণ খাবার খেতে খুব কষ্ট হয়েছে তাঁর।তারিন এবার নিজের নির্মাণ প্রতিষ্ঠান থেকে তৈরি করেছেন নাটক নাকফুল। নাটকটিতে তিনি নিজেও অভিনয় করেছেন। শুটিংয়ের একদিন আগেই চলে যান হেমায়েতপুরে। সেখানে যৌনকর্মীদের সঙ্গে থেকেছেন পাঁচ দিন। তাঁদের কাছ থেকে দেখেছেন, তাঁদের সঙ্গে মিশেছেন, গল্প করেছেন। অভিনয় করতে গিয়ে এই এলাকার মেয়েদের জন্য অন্য রকম এক অনুভূতি তৈরি হয়েছে তাঁর।এবার ঈদের জন্য তিনিও অনেকগুলো কাজ করেছেন। সব কটি টিভি চ্যানেলেই তাঁর নাটক চলবে। তিনি বললেন, ‘ঈদের আগে নিজের জন্য কোনো সময় থাকে না, বের করে নিতে হয়।’কাজের মানের ব্যাপারে তারিন বললেন, ‘মানের সঙ্গে কোনো আপস নেই। কারণ, আমার দর্শক আমার কাছ থেকে ভালো কিছু পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন।’মম মা হয়েছেন ১৬ মাস আগে। তাঁর ছেলের নাম উদ্ভাস। তাই গত দুই বছর রোজা ও কোরবানির ঈদে তেমন কোনো কাজ করতে পারেননি তিনি। এবার কিন্তু চিত্রটা একেবারেই উল্টো। প্রচুর কাজ। কিন্তু সেই চাপ নিজের মধ্যে নিতে চাননি মম। পরিকল্পনা করে, পরিচালকদের সঙ্গে আলোচনা করে শুটিংয়ের সময় চূড়ান্ত করেছেন। টানা চার দিন কাজ, এরপর দুই দিন বিশ্রাম। আর এই সময়টা শুধুই উদ্ভাসের জন্য। মম জানালেন, এবার তিনি, নতুনদের সঙ্গে বেশি কাজ করেছেন। সংখ্যার দিকে তাকাননি, যে স্ক্রিপ্টটা পছন্দ হয়েছে, তাতেই কাজ করেছেন। আলাদা করে বললেন কবি আল মাহমুদের লেখা নাটক মৃগয়ার কথা। স্বামী এজাজ মুন্নার দুটি নাটকে কাজ করেছেন।অনেক দিন পর ব্যস্ততাকে দারুণ উপভোগ করছেন মম। তিনি বললেন, ‘নতুনদের ভাবনাগুলোই অনেক আলাদা। নানা ধরনের ক্যামেরা ব্যবহার হচ্ছে। ভালো কাজ করার একটা পরিবেশ তৈরি হয়েছে। ভালো কিছু করার একটা সুস্থ প্রতিযোগিতা সবার মধ্যে। এটা আমাদের নাটকের জন্য খুব ইতিবাচক একটা দিক।’