নাটক নিয়েই তো বাঁচি: দেবশঙ্কর হালদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেবশঙ্কর হালদার
দেবশঙ্কর হালদার

বাবা অভয় হালদার ছিলেন যাত্রাশিল্পী। বাবার অভিনেতা-খ্যাতি মূলত ভিলেন হিসেবে। ভিলেন হিসেবে শুধু নাম করা নয়, সরকারি স্বীকৃতিও বাবা পেয়েছিলেন ওই সময়ে। টানা ৩৫ বছর যাত্রাই ছিল হালদার পরিবারের সদস্যদের খাওয়া-পরার উৎস। একই বাসায় থাকতেন বাবার মা—প্রকৃত অর্থেই বিদুষী। সারা দিন বই নিয়েই কাটত ভদ্রমহিলার।

এমন একটা পরিমণ্ডলে দেবশঙ্কর হালদারের অভিনেতা হয়ে ওঠাটা কি অনিবার্য ছিলই? এটা কি তাহলে জন্মসূত্রেই?

মোটেও না। দেবশঙ্কর জানাচ্ছেন, স্কুলজীবনে তাঁর কবি হওয়ার ইচ্ছে ছিল। মূল কারণ ক্লাস সিক্সের বাংলার শিক্ষক শিব শম্ভু পাল। তিনি ছিলেন কবিও। কৃত্তিবাস পত্রিকার অন্যতম কুশীলব। তাঁর কাব্যগ্রন্থ ঘরে দূরে দিগন্তরেখায়-এর নামটা কেমন করে যেন মনে গেঁথে গিয়েছিল। এভাবে কবিতার সঙ্গে প্রেম হয়ে যায়। হয় লেখালেখির বদভ্যাসও। আরেকটু বড় হয়ে অনিবার্যভাবে দেখা দেয় লিটল ম্যাগাজিন। ছাত্ররাজনীতিও মাথায় চাপে। লেখালেখি বিদায় নিল। সেই শুরু রাত জাগার, রাত জেগে পোস্টার লেখার। স্কটিশ চার্চ কলেজে ছাত্র সংসদের সাধারণ সম্পাদকও হয়েছিলেন। ছাত্ররাজনীতির ওই উত্তাল সময়ে টাইফয়েডে আক্রান্ত হয়ে তিন মাসের জন্য ঘরবন্দী হয়ে গেলেন। তিন মাসের ওই বিছানায় বন্দী এই সময়েই খবরের কাগজে একটা বিজ্ঞাপন—নান্দীকার পরিচালিত নাটকের ওয়ার্কশপের। সেখানে আবেদন। থিয়েটারের সঙ্গে আলাপ তখন থেকেই। কিন্তু কলেজ ছাড়ার পর যেন একটু অন্য রকমই লাগতে শুরু করেছিল। চাকরি কোনো দিনই করতে চাননি।

নিজের অভিজ্ঞতার কথাই বলি। ঘটনাচক্রে কলকাতায় যাওয়া হয়। অবসর মিললে বিকেলে নাটকপাড়ার দিকে যাই। সেখানে আড্ডা মারলে আপনার প্রসঙ্গটা বারবার আসে। এ মঞ্চে ‘দেবশঙ্কর হালদার’, ওই মঞ্চে দেবশঙ্কর। আজও তিনি, কালও তিনিই। এমনও দেখা গেছে, সমসাময়িক আপনার ২৬টি নাটক, ১০ দিন ধরে আপনার নামে ‘নাট্য উৎসব’, দুপুরের একটা নাটকে একটা চরিত্র, তো বিকেলে সম্পূর্ণ বিপরীত চরিত্র। এত কিছু সামলাচ্ছেন কী করে?—এই ছিল আমার প্রশ্ন।

এটা আসলে ভালোবাসা থেকে হয়ে যায়। নাটক ব্যাপারটা চূড়ান্ত ভালোবাসার বিষয়। আর একসঙ্গে অনেকগুলো নাটক করার কথা বলছেন? এগুলো তো তৈরি হয়েই আছে। তবে একটা কথা শুনুন। আমি আসলে একটাই নাটক করছি—জীবনবোধের নাটক। যখন নেপথ্যের সংগীত বেজে ওঠে, মুখে মেকআপের প্রলেপ লাগে, লাঠি হাতে নিই, মুকুটটা পরি, তখন ভেতর থেকেই যেন ঠিক হয়ে যায়, আমি কে! হয়ে যাই নতুন একজন।

অভিনয়ের ক্ষেত্রে আপনার আদর্শ কেউ আছেন?

আমি কিন্তু সচেতনভাবে থিয়েটারে আসিনি। অনেক কিছু হতে পারতাম আমি। ফুটবলার হওয়ার ইচ্ছা ছিল। কবিও। বরং বলতে পারেন, থিয়েটারে আসার কোনো সম্ভাবনাই ছিল না। এই কারণে আলাদা করে কোনো আদর্শ আমার নেই। যখন চর্চা শুরু করেছি, তখন থেকে প্রচুর গুণী মানুষের থিয়েটার দেখেছি। আর তাঁদের ভালোটা নিয়েছি।

আচ্ছা, টেলিভিশনে কোন একটা অনুষ্ঠানে দেখেছি আপনার কাছে নাকি প্রচুর সিনেমার প্রস্তাব আসে। কিন্তু আপনি নাকি খুব একটা আগ্রহ দেখাননি!

আগ্রহ দেখাইনি বিষয়টা এমন নয়। নিয়মিত না হলেও এখন ছবি করছি। বেশ কিছু ছবির কেন্দ্রীয় চরিত্রও করা হয়েছে। শহরের মোটামুটি সব বড় পরিচালকের সঙ্গে কাজ করা হয়েছে। কিন্তু ব্যাপারটা সম্পর্ক তৈরি হয়নি বলে নয়, আমি থিয়েটার বেশি করি, তাই। ২৭-২৮ বছর ধরে এই শিল্পের সঙ্গেই লেগে আছি, তাই এটাই আমার প্রথম প্রেম। বিশ্বাস করুন, নাটককে অবহেলা করে ছবি করার কথা কখনোই মনে হয়নি। এখনো আমার সব শো-ই প্রায় পরিপূর্ণ হয়। মানুষের এই ভালোবাসা তো অস্বীকার করতে পারি না। আসলে কি জানেন, কোনো ছবি করলে তার জন্য টানা দুই মাস শুটিং করতে হবে। তার সঙ্গে নাটকের সূচি মিলে গেলে, ‘আমাকে ছেড়ে দিন, ওদিন হবে না, শো আছে’ টাইপের বায়না ধরতে হবে। আমি বাপু সেটা পারব না। কী করব বলুন, নাটক যে আমার রক্তে মিশে গিয়েছে! নাটক নিয়েই তো বাঁচি।

অন্য প্রসঙ্গে যাই। দেবশঙ্কর বাড়িতে থাকলে কী করেন?

রুটিন করে তেমন কিছু করা হয় না। টুকটাক কাজ করি, বই পড়ি। স্ত্রীর খুনসুটি চলে। বাচ্চাটা বড় হয়ে গেছে। এখন দক্ষিণ ভারতের ভেলরে আছে প্রাতিষ্ঠানিক কাজে। ওরে সঙ্গে ফোনে আড্ডা হয়।

এবার তো ঢাকায় থাকলেন খুব অল্প সময়। এর আগে বাংলাদে​েশ আরও বেশ কয়েকবার এসেছিলেন। চট করে যদি আপনার অনুভূতি কিংবা অভিজ্ঞতার কথা বলতেন...।

সেদিন উৎসবের উপচে পড়া দর্শক দেখে, দর্শকের আগ্রহ দেখে খুব ভালো লেগেছে। আসলে আমরা যখন শুরু করি, তখন ঢাকার থিয়েটার থেকে অনেক কিছু শিখেছি, নিয়েছি। জামিল স্যার আমার সরাসরি গুরু। আমার খুব প্রিয় একজন মানুষ। এখানে যতবার এসেছি, বেশ ভালো দর্শক দেখেছি। পরিবেশটাও বেশ। জানি না সব সময় এমন থাকে কি না। আসলে মঞ্চ নাটকে যে সব সময় উপচে পড়া দর্শক থাকবে, ভিড় থাকবে, তা নয়।