নাটক প্রদর্শনীতে বিপাকে একাধিক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মঞ্চে একাধিক দলের একাধিক প্রযোজনা নিয়ে মঞ্চে কাজ চলছে। তবে সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রযোজনাগুলোর নিয়মিত মঞ্চায়ন নিয়ে। ঢাকায় ৮ থেকে ১০টি দলের পাঁচ থেকে সাতটি প্রযোজনা মঞ্চে রয়েছে। কিন্তু প্রতিটি দলই তাদের প্রযোজনাগুলো নিয়মিত মঞ্চায়ন করতে পারছে না। মিলনায়তন বরাদ্দের অভাবে পর্যায়ক্রমে নাটকগুলো করতে গেলে প্রতিটি দলের সব প্রযোজনা মঞ্চায়ন করতে পাঁচ থেকে সাত মাস সময় লেগে যাচ্ছে। এতে নাটকের মান ধরে রাখা যেমন সমস্যা হচ্ছে, তেমনি নাট্যকর্মীদের অভিনয়-দক্ষতা বৃদ্ধিতে বাধার সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে একাধিক দল নতুন নতুন নাটকও মঞ্চে আনতে পারছে না। মহিলা সমিতিতে নাটক মঞ্চায়ন কমে যাওয়ার কারণে এ সমস্যা আরও তীব্র হয়েছে। এখন ঢাকায় একটি মাত্র নাটক মঞ্চায়নের জায়গা শিল্পকলার জাতীয় নাট্যশালা। এখানকার তিনটি মিলনায়তন নিয়ে নিয়মিত প্রায় ৭০টি নাটকের দল নাটক করতে হিমশিম খাচ্ছে। দেখা যাচ্ছে, বড় বড় দল মাসে একটি কখনো দুটি করে নাটক মঞ্চায়নের জন্য বরাদ্দ পেলেও ছোট দলগুলো একটিও বরাদ্দ পাচ্ছে না। এ ব্যাপারে থিয়েটার আর্ট ইউনিটের মোহাম্মদ বারী বলেন, ‘আমাদের দলে বর্তমানে সাতটি প্রযোজনা নিয়মিত আছে। কিন্তু আমরা মিলনায়তনের অভাবে বরাদ্দ পাচ্ছি না। মাসে একটা করে বরাদ্দ পাচ্ছি। এতে আমাদের দলের সাতটি প্রযোজনা পর্যায়ক্রমে করতে সাত মাস লেগে যাচ্ছে। আমরা যদি মাসে তিনটি বরাদ্দও পেতাম, তাহলে নাটকগুলো অল্প সময়ে একাধিকবার মঞ্চায়ন করে নাটকের উৎকর্ষ বৃদ্ধি করা যেত।’ এদিকে নাট্যকর্মীরা মনে করছেন, শিল্পকলা একাডেমীর বিকল্প হিসেবে সারা ঢাকায় বিভিন্ন জায়গায় বিকল্প হলের ব্যবস্থা থাকলে একাধিক প্রযোজনাগুলো বিভিন্ন জায়গায় মঞ্চায়ন করে তা পুষিয়ে নেওয়া যেত। এতে নাটকের মানও বাড়ত, নতুন দর্শকও তৈরি হতো। বারী বলেন, ‘ঢাকার ধানমন্ডি, গুলশান, উত্তরা, মিরপুর প্রভৃতি জায়গায় মিলনায়তনের ব্যবস্থা থাকলে আমরা সব প্রযোজনা নিয়মিত করতে পারতাম। এসব জায়গায় প্রথম সারির দলগুলো নাটক মঞ্চায়ন করে নতুন নতুন দর্শকও তৈরি করতে পারত।’ নাট্যজন মান্নান হীরা বলেন, ‘আমাদের দলে পথনাটকসহ সাতটি প্রযোজনা নিয়মিত। কিন্তু আমরা শিল্পকলা একাডেমীতে মাসে দুটি করে বরাদ্দ পাই। ফলে সাতটি নাটকের মধ্যে মাত্র দুটি নাটক করতে পারি।’ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপিত লিয়াকত আলী লাকী বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকেই এ সমস্যা সমাধানের জন্য ঢাকার একাধিক জায়গায় মিলনায়তন আবিষ্কারের চেষ্টা করে আসছি। এর আগে একাধিকবার আমরা ঢাকার মেয়র বরাবর এ ব্যাপারে স্মরকলিপি দিয়েছি। তাঁর সঙ্গে আমরা বিষয়টি নিয়ে সরাসরি কথাও বলেছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত কাজ শুরু হচ্ছে না। তবে শিগগির গাইড হাউস মিলনায়তনটির কাজ নতুন করে শুরু হবে। এই মিলনায়তনের কাজ শেষ হলে আপাতত কিছুটা হলেও নাটক মঞ্চায়নে সমস্যার সমাধান হবে।’