নাটক প্রযোজনায় বিন্দু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার নাটক প্রযোজনায় নাম লেখালেন লাক্স চ্যানেল আই সুপারস্টার বিন্দু। তাঁর প্রযোজিত প্রথম নাটকের নাম ‘দুটি ঘাসফড়িং ও একটি মৃত্যু’। পরিচালনা করছেন সকাল আহমেদ। লিখেছেন মুগ্ধ নীল। নাটকের গল্প গড়ে উঠেছে দুটি ছেলেমেয়ের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে।নাটক প্রযোজনার ব্যাপারে বিন্দু বলেন, ‘নাটক প্রযোজনার করার কোনো পরিকল্পনা মাথায় ছিল না। সিদ্ধান্তটা হঠাত্ করেই নিয়েছি।’ প্রযোজনার পাশাপাশি নাটকটিতে অভিনয়ও করছেন তিনি।নাটকে দেখা যাবে, কাকতালীয়ভাবে দুটি ছেলেমেয়ে মৃত্যুর জন্য একই জায়গায় এসে উপস্থিত হয়। কিন্তু প্রথম যাত্রায় তাঁরা মৃত্যুর স্বাদ নিতে ব্যর্থ হয়। এর মধ্যে দুজনের মধ্যে একটা বোঝাপড়া হয়। তারপর দুজন আবার মৃত্যু প্রস্তুতি নিলে ছিনতাইকারীর খপ্পরে পড়ে। একপর্যায়ে দুজন সিদ্ধান্ত নেয় বেঁচে থাকার। কিন্তু যখন মনে হয়, মৃত্যুটা তাদের জন্য জরুরি, ঠিক তখনই তারা মারা যাবে। এই ধরনের একটি সিদ্ধান্তে এসে দুজনেই যার যার বাড়ি ফিরে যায়। আলাদা হওয়ার পর তারা একে অন্যের অভাববোধ করে। তারপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এভাবেই ‘দুটি ঘাসফড়িং ও একটি মৃত্যু’ নাটকের গল্প এগোতে থাকে।সকাল আহমেদ জানান, ইচ্ছা আছে নাটকটি পয়লা বৈশাখে প্রচার করার। তা না হলে রোজার ঈদে প্রচারিত হবে। বিন্দুর প্রযোজনায় ‘দুটি ঘাসফড়িং ও একটি মৃত্যু’ নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন আরেফিন শুভ, তানভীর ও লাক্স-চ্যানেল আই তারকা মাসিয়াত।