নাটকই এনটিভির অনুষ্ঠানের প্রাণ

বিভিন্ন টিভি চ্যানেল ও তাদের অনুষ্ঠান নিয়ে শুরু হলো আমাদের নতুন বিভাগ ‘টিভি সমালোচনা’। আজকের টিভি এনটিভি
মৌরানী নাটকের দৃশ্যে মৌসুমী হামিদ ও রিয়াজ
মৌরানী নাটকের দৃশ্যে মৌসুমী হামিদ ও রিয়াজ

যে স্লোগান আদর্শ হিসেবে গ্রহণ করে স্যাটেলাইট টিভির জগতে ‘এনটিভি’র আবির্ভাব, তা হলো ‘সময়ের সঙ্গে আগামীর পথে’। এখন এই সময়ের সঙ্গে থেকে আগামীর পথে তারা কতদূর এগিয়েছে, এটাই আজ বিবেচ্য বিষয়।

ইতিমধ্যে এক দশক অতিক্রম করে দেড় শতকের পথে এগিয়ে চলেছে এনটিভি। গোড়া থেকেই অনুষ্ঠান নির্মাণ ও নির্বাচনে তাদের সতর্কতা লক্ষণীয়। যে কারণে তাদের অনুষ্ঠানের মান প্রশংসার দাবিদার। আরেকটি বিষয় এনটিভির অনুষ্ঠানের বৈচিত্র্য। বিনোদনকেই তারা সর্বক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকে, যে কারণে নাটক, সংগীত নিয়ে আছে তাদের অনেক অনুষ্ঠান। পাশাপাশি স্বাস্থ্য, বাণিজ্য, খেলাধুলায় ধর্মীয় অনুষ্ঠান, সাম্প্রতিক বিশ্ব, সরাসরি নীতি, রান্নাবান্না ইত্যাদি সব বিষয়েই রয়েছে তাদের অনুষ্ঠান। এসব অনুষ্ঠানেরও উপস্থাপনগত বৈশিষ্ট্যটি বিনোদনমুখী। কিন্তু এ ক্ষেত্রে লক্ষ্যহীন বিষয়টি হলো, শিক্ষা ও গণসচেতনতার দিকটি তাদের কাছে এখনো কিছুটা উপেক্ষিত।

শুরুতেই আমরা বলতে পারি নাটক ও টেলিছবির কথা। নাটক সম্পর্কে বলা যায়, নাটকই এনটিভির অনুষ্ঠানের প্রাণ। নাটক ও টেলিছবির নির্মাণ ও নির্বাচনের ক্ষেত্রে, ‘মান’-এর ব্যাপারে তারা সব সময় সজাগ। যে কারণে এনটিভিতে প্রচারিত নাটক ও টেলিছবি দর্শকমহলে প্রশংসনীয় ও সমাদৃত।

এ সপ্তাহে প্রচারিত এনটিভির উল্লেখযোগ্য কয়েকটি নাটক ছিল ইঙ্গিত, সিক্সথ সেন্স এবং মৌরানী। গুণগত মান বিচারে তিনটি নাটকই ছিল দর্শকনন্দিত। ২১ অক্টোবর আনিসুল হক রচিত মৌরানী নাটকটিতে ফুটে উঠেছে আধুনিক জীবন জটিলতার চিত্র। মূল্যবোধের অবক্ষয়, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, জীবনসংগ্রাম, পারিবারিক দ্বন্দ্ব—এসব ঘিরেই আবর্তিত হয়েছে নাটকের আখ্যান। আর রিয়াজ ও তিশার বাস্তবানুগ অভিনয় নাটকটিকে করে তুলেছে আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী। অন্যদিকে মোপাসাঁর গল্প অবলম্বনে শিহান শাহীন রচিত ইঙ্গিত নাটকটি পুনঃপ্রচার হলো ২২ অক্টোবর সকাল ১০টা ১০ মিনিটে। আর নাটকটি প্রচারকালে সরাসরি প্রধানমন্ত্রীর ভাষণ ও সংবাদ প্রচার হওয়ায় সম্ভবত শেষাংশ আর দর্শক দেখতে পারেননি।

এনটিভিতে প্রতি সপ্তাহে ধারাবাহিক নাটক প্রচারিত হয় বেশ কয়েকটি। তার মধ্যে উল্লেখযোগ্য হিসেবে নাম করা যায় সং-সার, আস্থা, অঘটন ঘটন পটীয়সী, সান ফ্লাওয়ার, মেট্রোলাইফ, রঙের মানুষ, হাউসফুল, তরুণ তুর্কি, সিনেমাওয়ালা ইত্যাদি। এর মাঝে অনেকগুলোই পুনঃপ্রচার আমরা জানি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, পুনঃপ্রচারিত অনুষ্ঠানগুলোর আগে এনটিভি ‘পুনঃপ্রচার’ শব্দটি সুস্পষ্টভাবে দর্শককে জানায় না।

ধারাবাহিক নাটকগুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাই অধিকাংশ নাটকের মান ভালো। কিন্তু এর মাঝে আবার দু-একটি আছে বেশ নিম্নমানের। যেমন অঘটন ঘটন পটিয়সী, আস্থা, সান ফ্লাওয়ারসং-সার—এ নাটকগুলোর গুণগত মান প্রশংসনীয়। অধিকাংশেরই আখ্যান গড়ে উঠেছে আমাদের সমাজ ও পরিবারকে ঘিরে। এ ছাড়া রঙের মানুষ এবং হাউসফুল নাটক দুটিও একসময়ের অত্যন্ত আলোচিত ও দর্শকনন্দিত। কিন্তু পাশাপাশি দু-একটি দুর্বল নাটকও ঠাঁই পেয়েছে তাদের নির্বাচনে। যেমন তরুণ তুর্কি নাটকটি। তরুণদের নিয়েই নির্মিত হয়েছে নাটকটি। কিন্তু নাটকের পটভূমি সুস্পষ্ট হয়ে ওঠেনি। আবার ছাত্রদের নিজেদের দায়দায়িত্ব এখানে সুস্পষ্ট নয় অথচ সমাজ উন্নয়ন নিয়ে সবাই চিন্তিত ও বিচলিত। এ ছাড়া অভিনয়ও স্বাভাবিক মনে হয়নি। কোথাও নিষ্প্রাণ ও ম্রিয়মাণ, আবার কোথায় অতি অভিনয়।

এবার বলা যায় গানের কথা। নাটকের মতোই গান নিয়েও রয়েছে এনটিভির অনেকগুলো অনুষ্ঠান। যেমন ‘তারায় তারায় রচিত’, ‘রুপালী পর্দার গান’, ‘ওল্ড স্কুল’, ‘মিউজিক এন রিদম’, ‘মিউজিক জ্যাম’, ‘ছুটির দিনের গান’ ইত্যাদি। নবীন-প্রবীণ শিল্পীদের নিয়ে সাজানো গানের অনুষ্ঠানগুলো বেশ আকর্ষণীয়। তবে ২১ অক্টোবর সকালে অন্যান্য চ্যানেলে যখন প্রচারিত হচ্ছে সরাসরি গানের অনুষ্ঠান, তখন এনটিভিতে প্রচারিত পুরোনো গানের সম্পাদিত অনুষ্ঠান ‘ছুটির দিনের গান’ দর্শক আকর্ষণে ব্যর্থ হয়েছে বলেই মনে হয়। এ ছাড়া সৈয়দ আবদুল হাদী, সুজিত মোস্তফা উপস্থাপিত এনটিভির দুটি গানের অনুষ্ঠান যত জনপ্রিয় বর্তমানের কোনোটিই তা স্পর্শ করতে পারেনি।

এনটিভিতে প্রচারিত প্রতিদিনের অনুষ্ঠানের মধ্যে ‘স্বাস্থ্য প্রতিদিন’ এবং ‘শুভ সন্ধ্যা’ বিশেষভাবে উল্লেখযোগ্য। দীর্ঘদিন অনুষ্ঠান দুটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা ধরে রেখেছে। এ ছাড়া এ সপ্তাহের বিশ্ব, গ্যালারি, মার্কেট ওয়াচ—এ অনুষ্ঠানগুলোরও রয়েছে নির্দিষ্ট দর্শক। জয়নুল আবদিন আজাদ উপস্থাপিত ধর্মীয় অনুষ্ঠানগুলোও ধর্মানুরাগী দর্শকের কাছে হয়েছে নন্দিত।

আরও দুটি অনুষ্ঠানের নাম করা যায় ‘নিউজ ইনসাইড’ ও ‘বন্ধু তোমারই খোঁজে’। নীতিনির্ধারক ও গুরুত্বপূর্ণ অতিথিদের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘নিউজ ইনসাইড’ বেশ গুরুত্বপূর্ণ। গত ২১ অক্টোবর রাত ১১টা ২০ মিনিটে পরিবেশ, বন ও রামপাল ইস্যু নিয়ে কিছু তরুণের মুখোমুখি হয়েছিলেন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। অন্যদিকে ২০ অক্টোবর রাত ৯টায় প্রচারিত ‘বন্ধু তোমারই খোঁজে’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন ঔপন্যাসিক, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন। সম্পূর্ণ বহির্দৃশ্য ধারণে নির্মিত অনুষ্ঠানটিতে উঠে এসেছে শৈশব থেকে আজ অবধি তার জীবনের বেড়ে ওঠার সংগ্রাম ও সাধনা।

২১ অক্টোবর সকালে প্রচারিত হলো এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘টুডেস কিচেন’। অনুষ্ঠানটি পরিচ্ছন্ন হলেও ‘সিদ্দিকা কবিরের রেসিপি’র মতো আকর্ষণীয় হতে পারেনি। একটি অনুষ্ঠানের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা অর্জনের জন্য একজন উপস্থাপকের ব্যক্তিত্ব যে কত অপরিহার্য, সাম্প্রতিককালে সিদ্দিকা কবির সেই প্রমাণ করে গেছেন।

২২ অক্টোবর রাত ৯টায় প্রচারিত হলো আরেকটি বিনোদনমূলক অনুষ্ঠান ‘হা-শো’। অনুষ্ঠানটি নির্মিত হয়েছে ওপার বাংলার অত্যন্ত জনপ্রিয় কমেডিয়ান শো ‘মীরাক্কেলে’র আদলে। অনুষ্ঠানের সবকিছুই মীরাক্কেলের অনুরূপ। যেমন বিচারকসংখ্যা, বাদক দল, এমনকি কমেডিয়ানদের পরিবেশনা, বিচারকদের মূল্যায়ন, উপস্থাপকের উপস্থাপন, বাদক দলের অংশগ্রহণ—সবকিছু যদি হুবহু অনুসরণ করা হয়ে থাকে তাহলে সেটা সুস্পষ্টভাবে বলে দেওয়ার মধ্যেই বোধ হয় গ্রহণযোগ্যতা, উদারতা ও শিষ্টতা বজায় থাকে। যেমন এ অনুষ্ঠানের নাম যদি ‘মীরাক্কেল, মেড ইন বাংলাদেশ’ও হতো তাহলে আমরা দর্শকেরা বোধ হয় সেটা স্বাভাবিকভাবেই গ্রহণ করতে পারতাম।

 লেখক: কথাশিল্পী ও টিভি নাট্যকার