এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘মা তুই কেমন আছিস’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আমজাদ হোসেন। কথা হলো তাঁর সঙ্গে।অনেক দিন পরে ধারাবাহিক নাটক নির্মাণ করলেন। হ্যাঁ, আসলে সময়-সুযোগের অভাবে করা হয়নি। তা ছাড়া নাটকের বিষয়বস্তু তৈরি করে তা নিয়ে কাজ করাটাও সময়সাপেক্ষ ব্যাপার। মা তুই কেমন আছিস নাটকটি প্রচার হচ্ছে রাত ১১টার পরে। ধারণাই করতে পারিনি যে এ সময় মানুষ এতটা আগ্রহ নিয়ে নাটক দেখবে। সম্প্রতি এক জরিপ থেকে জানতে পারলাম, নাটকটি অনেক দর্শক দেখছে। এবার মুক্তি পাচ্ছে আপনার ‘গোলাপী এখন বিলাতে’ ছবিটি। গোলাপীকে নিয়ে এর আগেও ছবি তৈরি করেছেন। এবারের গোলাপীর সঙ্গে অন্যগুলোর কোনো মিল আছে?না। এবারের ছবিতে একজন গোলাপীর বিলেতের জীবন তুলে ধরা হয়েছে। ছবির শুরুতেই বলেছি গোলাপী এখন ট্রেনে বা গোলাপী এখন ঢাকায় ছবির সঙ্গে নতুনটির কোনো মিল নেই। আছে মানুষের কিছু কথা, মানবিক কিছু আবেদন। প্রবাসীরা বিলেতে কীভাবে আছে, দেশের প্রতি তাদের অনুভূতি—এ সবই গোলাপীর মধ্য দিয়ে তুলে ধরেছি।ছবিতে মিঠুন চক্রবর্তী অভিনয় করেছেন। মিঠুন ও গোলাপীকে ঘিরেই ছবির গল্প। ছবিতে গোলাপী চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। দুজনের মধ্যে মন দেওয়া-নেওয়ার সম্পর্ক থাকে। কিন্তু জীবন-জীবিকার তাগিদে মিঠুন চলে যান লন্ডনে। কথা থাকে, পরে এসে মৌসুমীকে বিয়ে করে নিয়ে যাবেন। কিন্তু লন্ডনে গিয়ে কাজ পাওয়ার জন্য তাঁকে সেখানেই বিয়ে করতে হয়। এদিকে মৌসুমী পড়ে থাকেন অজপাড়াগাঁয়ে। তাঁর জীবনে ঘটে অনেক ঘটনা। একদিন মিঠুন আসেন এবং মৌসুমীকে লন্ডনে নিয়ে যান। সেখানে গোলাপী চরিত্রের মৌসুমীর শুরু হয় নতুন জীবন।ভবিষ্যতে গোলাপী নাম দিয়ে আরও ছবি বানাবেন?এটা বলা কঠিন। যদি প্রযোজক চান, তাহলে হবে। গোলাপীরা তো আমাদের সমাজে সব সময়ই বিচরণ করে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে গোলাপীদের প্রেক্ষাপটও পরিবর্তন হয় এবং সেই পরিবর্তিত গোলাপীকে নিয়েই ছবি বানানো সম্ভব।বিনোদন প্রতিবেদক