
আমরা যাঁরা অভিনয় করি, তাঁদের কাছে ঈদের দিনের এই ছুটিগুলো অন্য রকম। বছরের অন্য সময়গুলোতে শুটিংয়ে এত ব্যস্ত থাকতে হয় যে নিজের পরিবারে আলাদাভাবে তেমন সময় দেওয়া হয় না। তাই ঈদ আমাকে নিজের জন্য কিছুটা সময় বের করে দেয়। ঈদের আগের রাতে শুটিং শেষে বাসায় ফিরেছি বেশ দেরিতে। এরপর সকালে ঘুম থেকে উঠে যথারীতি নামাজ পড়তে যাওয়া। আমার মেয়ে আরাধ্যর জন্মের পর থেকে সব সময় আমাদের মূল আকর্ষণ ও-ই। তাই ঈদের নামাজ শেষে বাসায় ফিরে মেয়ের সঙ্গে কোলাকুলি, তাকে নিয়ে ঈদের সেমাই খাওয়া।
নামাজের পরই বাসায় আসতে শুরু করলেন মেহমানেরা। দুপুরের দিকে গেলাম মায়ের বাসায়। মা-ভাইবোনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার মজাই আলাদা!
মায়ের বাসা থেকে ফিরতে ফিরতে রাত। ওই সময় নিজের অভিনীত একটি নাটক প্রচারিত হয়েছে একটি চ্যানেলে। গাড়িতে ছিলাম বলে ইচ্ছে থাকা সত্ত্বেও নাটকটি দেখতে পারিনি। বাসায় ফিরে একটু ফ্রেশ হয়েই বসে পড়লাম টিভির সামনে। ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেল। আর এভাবে অনেকটা আয়েশি ভঙ্গিতেই পার হলো আমার ঈদের দিনটি।