নাটকটিতে সারা বছরই দর্শক আসবে
এ বছরের মাঝামাঝি সুবচন নাট্যসংসদ মঞ্চে এনেছে মহাজনের নাও নাটকটি। বাউলসাধক শাহ আবদুল করিমের জীবন ও দর্শন নিয়ে শাকুর মজিদের লেখা নাটকটি ইতিমধ্যে ঢাকার দর্শকের কাছে বেশ আলোচনায় এসেছে। নাটকটির নির্দেশনার কাজ করেছেন সুদীপ চক্রবর্তী। আজকের সাক্ষাৎকার তাঁর সঙ্গে।বাউলসাধক শাহ আবদুল করিমের জীবন নিয়ে নাটকটি নির্দেশনা দেওয়ায় নিজের অনুভূতি কেমন?খুবই ভালো লেগেছে। এই নাটকের সঙ্গে আমার আবেগ জড়িত। যেহেতু ভাটি অঞ্চলের ছেলে আমি, আর সেই এলাকার বাউলসাধকের জীবন নিয়ে এই নাটক। তাই এই কাজটি না করতে পারলে হয়তো আমার নাট্যজীবনে একটা দিক অপূর্ণ থেকে যেত। মঞ্চে এই নাটকের সাড়া কেমন?ইতিবাচক। নাটকটি আশার সঞ্চার করেছে। আশা করা যায়, নাটকটি নতুন নাটকের তালিকায় ওপরে থাকবে। এই নাটকে সারা বছরই দর্শক আসবে। একজন দর্শক নাটকটি দেখতে একাধিকবার আসবেন বলে আমার বিশ্বাস। এরই মধ্যে নাটকটির ১১টি প্রদর্শনী হয়েছে।নাটকটিতে কাজের সুযোগ হলো কীভাবে?নাটকটির নাট্যকার শাকুর মজিদ প্রায় সাত বছর ধরে শাহ আবদুল করিমের সঙ্গে তাঁর জীবনদর্শন নিয়ে কাজ করছিলেন। তখন থেকেই শাকুর মজিদের সঙ্গে আমার যোগাযোগ ছিল। এর আগে একদিন সুবচন নাট্যসংসদের একটি কর্মশালায় আমি ক্লাস নিতে গিয়েছিলাম। তখন দেখলাম, দলের অংশগ্রহণকারীরা প্রায় সবাই গানে পটু। দলের কর্মীরা খুবই সহজবোধ নিয়ে কাজ করেন। তখনই সুবচনের সঙ্গে একটি নাটক করার প্রস্তাব দিই। দল প্রধান আহম্মদ গিয়াস রাজি হয়ে যান। নাটকটি হবে গানপ্রধান। তা শাহ আবদুল করিমের জীবন নিয়ে। ওই রাতেই আমি আর আহম্মদ গিয়াস শাকুর মজিদের সঙ্গে যোগাযোগ করি। তখন তিনি রাঙামাটিতে ছিলেন। ঢাকায় ফিরলে আমরা তাঁর বাসায় যাই। রাত একটা পর্যন্ত তাঁর বাসায় আলাপ-আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত শাকুর মজিদ নাটকটির পাণ্ডুলিপি লিখতে রাজি হন। আর এভাবেই কাজটি করার সুযোগ হয়ে যায়।বাউলসম্রাট শাহ আবদুল করিমের কোন বিষয়টি নাটকটিতে প্রাধান্য দেওয়া হয়েছে?এটি মূলত গানপ্রধান নাটক। নাটকটিতে শাহ আবদুল করিমের জীবন ও দর্শন এসেছে। নাটকটিতে দেখা গেছে, শাহ আবদুল করিম সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে তাঁর দর্শন দিয়ে ঈশ্বরের সৃষ্টিরহস্যের সহজ পথ খুঁজেছেন। একই সঙ্গে এ দেশের রাজনীতিবিদদের ভন্ডামির মুখোশও তিনি গানের মাধ্যমে উন্মোচন করেছেন। নাটকটির গল্প-কাব্য থেকে গানে, আবার গান থেকে কাব্যে ফিরে যাওয়ার মধ্য দিয়ে এগিয়ে যায়।নাটকটি নির্দেশনা দেওয়ার আগে এই বাউলসাধকের জীবন সম্পর্কে আপনার প্রস্তুতি কেমন ছিল?আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে পড়াকালীন বাউল সাধনা, কীর্তনবিষয়ক একটি কোর্স পড়েছি। পড়তে গিয়ে আমার খুব ভালো লেগে যায় এবং আমার শৈশবের বেড়ে ওঠা জীবনটাও এখানে খুঁজে পাই। আমি শৈশবে যে পরিবেশে বেড়ে উঠেছি, সে বিষয়গুলো আমার চারপাশ ঘিরে ছিল। পড়তে এসে দেখি, সেগুলো আসলে শিল্পকলা। কাজটি করতে গিয়ে আমার সেই শৈশবের অভিজ্ঞতাও উপকারে লেগেছে।