অঘটনঘটনপটিয়সী নতুন ধারাবাহিক। এনটিভিতে শুরু হচ্ছে আজ। এটি লিখেছেন ও পরিচালনা করছেন আলী ফিদা একরাম। নাটকটিতে অভিনয় করছেন শাহেদ আলী। আজকের কথোপকথন তাঁর সঙ্গে।আশপাশে অনেক আওয়াজ। কোথায় আপনি?সিলেটে এসেছি, সকালে। নাশতা করছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নাট্যোৎসব হচ্ছে। সন্ধ্যায় প্রাচ্যনাটের সার্কাস সার্কাস নাটকের প্রদর্শনী করব।সঙ্গে স্ত্রীকে নেননি?না, দীপার (দীপা খন্দকার) শুটিং আছে। আর আদৃক বাসায়। ওদের নিয়ে কিছুদিন আগে ভুটানে ঘুরে এলাম। চমৎকার জায়গা। দেশেও ঘুরেছি—কক্সবাজার আর সেন্ট মার্টিনে। আসলে বেড়ানোর ব্যাপারটা দীপার বেশি পছন্দ।‘অঘটনঘটনপটিয়সী’ নাটকে কী ঘটিয়েছেন?আমি এখনো কিছু ঘটাতে পারিনি। যা ঘটিয়েছেন, সবই পরিচালক। শেয়ারবাজার নিয়ে তাঁর অগাধ জ্ঞান। শুনেছি, তিনি নাকি নাটক আর লেখালেখির পাশাপাশি গত শতকের সেই নব্বইয়ের দশক থেকে শেয়ারবাজারের সঙ্গে আছেন। ধরাও খেয়েছেন যথেষ্ট। শেয়ারবাজারের উত্থান-পতন, এর সঙ্গে যে সাধারণ মানুষগুলো জড়িত—তাঁদের গল্প নিয়ে এই নাটক। নাটকের অনেক চরিত্রের মধ্যে ‘জ্যাক ভাই’ খুবই গুরুত্বপূর্ণ। চরিত্রটি আমিই করছি।এটিএন বাংলার ‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিকে কাজ করে কেমন লেগেছে?খুবই ভালো। নাটকে আমার চরিত্রটি একজন আদিবাসীর। এক দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাই। স্ত্রী সংসার চালাচ্ছে। কিন্তু তার পরও মেয়েটির ওপর নানাভাবে অত্যাচার করি।আপনি তো চলচ্চিত্রেও অভিনয় করছেন।দুটি চলচ্চিত্রে অভিনয় করেছি—মনের মানুষ ও রানঅ্যাওয়ে। রানঅ্যাওয়ে শিগগিরই ঢাকায় মুক্তি দেওয়া হবে। পরিচালক অমিত আশরাফ। ছবিটি কয়েকটি উৎসবে গিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সানফ্রানসিস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রানঅ্যাওয়ে ছবির জন্য আমি সেরা সহ-অভিনেতার মনোনয়ন পেয়েছিলাম। গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা ছবিতে আমি ছিলাম প্রধান সহকারী পরিচালক।