নাটকপাড়ায় চৈত্রসংক্রান্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক সরণিতে তখন সন্ধ্যা নেমেছে। রাস্তায় যানজট, শাড়ির দোকানগুলোতে ক্রেতাদের ভিড়; এই কর্মব্যস্ততার মধ্যে হঠাৎ করে জেগে উঠল মহিলা সমিতি ভবন। বেজে উঠল ঢোল। নাট্যকর্মীদের হর্ষধ্বনি। আলোকিত হলো মঙ্গলপ্রদীপের মিষ্টি আলোয়। চলে যাচ্ছে বাংলা ১৪১৭ সন, তাকে বিদায় জানাতেই এই আয়োজন। পয়লা বৈশাখ নিয়ে ব্যাপক আয়োজনের পাশাপাশি বুধবার রাজধানীতে চৈত্রসংক্রান্তির উৎসবও ছিল জমজমাট। এসো বর্ষবিদায় ও বরণের মিলনমেলায়—এই স্লোগান নিয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সন্ধ্যায় চৈত্রসংক্রান্তি উপলক্ষে নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিল। মঙ্গলপ্রদীপ জ্বেলে অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংস্কৃতিজনেরা। গাঁদা ফুলের পাপড়ি ছড়ানো মহিলা সমিতির বারান্দায় তখন নবীন-প্রবীণ সবাই মেতে ছিলেন আনন্দ-উৎসবে। অনেকের হাতে বাদ্যযন্ত্র ছিল, কেউ কেউ নিজের মতো করে গানও গেয়েছেন। গানের সুর আর হর্ষধ্বনিতে মুখর ছিল মহিলা সমিতি প্রাঙ্গণ। অনুষ্ঠানে চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষের ভাবনা নিয়ে বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, মামুনুর রশীদ, লিয়াকত আলী, ঝুনা চৌধুরী, আফরোজা বানু প্রমুখ। পরে আবৃত্তি, নৃত্য, বাঁশি, দলীয় নাটকের গান দিয়ে শেষ হয় অনুষ্ঠান।বাংলা একাডেমীর অনুষ্ঠানবাংলা একাডেমী বাংলা সনকে বিদায় জানাতে এবং নববর্ষ ১৪১৮ সনকে বরণ করে নিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। বুধবার বিকেলে একাডেমীর নজরুলমঞ্চে আয়োজিত বর্ষবিদায় অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। আলোচনায় অংশ নেন অধ্যাপক অজয় রায় এবং কথাসাহিত্যিক আবদুশ শাকুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।