নাটকীয় বিয়ের প্রস্তাব পেলেন কিম কার্দাশিয়ান

সম্প্রতি বেশ ঘটা করেই কিম কার্দাশিয়ানকে বিয়ের প্রস্তাব দিলেন মার্কিন র্যাপ সংগীতশিল্পী কেনি ওয়েস্ট। ২১ অক্টোবর ছিল কিমের ৩৩তম জন্মদিন। বিশেষ দিনটিকে আরও বেশি বিশেষ করে তুলতে সান ফ্রান্সিসকোতে পুরো একটি স্টেডিয়াম ভাড়া করে কিমকে আজীবনের সঙ্গী হওয়ার প্রস্তাব দেন কেনি। আলোচিত এ তারকা জুটির নাটকীয় বাগদানের সাক্ষী হতে সেখানে হাজির ছিলেন তাঁদের পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবেরা।
মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিসের সঙ্গে মাত্র ৭২ দিনের সংসার শেষে গত বছরের এপ্রিলে দীর্ঘদিনের বন্ধু কেনি ওয়েস্টকে নতুন সঙ্গী নির্বাচন করেন কিম কার্দাশিয়ান। এরই মধ্যে কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন এ তারকা জুটি। প্রায় দেড় বছর একসঙ্গে বসবাসের পর অবশেষে ২১ অক্টোবর সোমবার আনুষ্ঠানিকভাবে কিমকে বিয়ের প্রস্তাব দেন কেনি ওয়েস্ট। এক খবরে এ তথ্য জানিয়েছে রোলিংস্টোন ম্যাগাজিন।
কিমকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য সান ফান্সিসকোর এটিঅ্যান্ডটি পার্ক স্টেডিয়াম ভাড়া করেন কেনি। কিমকে বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তটিতে স্টেডিয়ামে স্থাপিত বিশাল পর্দায় ভেসে ওঠে ‘প্লিজ ম্যারি মি’। সে সময় পুরো স্টেডিয়ামে অপূর্ব মূর্ছনা ছড়িয়ে দেয় শিকাগো সিম্ফনি অর্কেস্ট্রা। এমন নাটকীয়তার মধ্য দিয়েই শেষ হয় ৩৩ বছর বয়সী কিম ও ৩৬ বছর বয়সী কেনির বাগদান-পর্ব।
কিম কার্দাশিয়ানের বাগদান প্রসঙ্গে এক টুইটার বার্তায় তাঁর বোন খোল কার্দাশিয়ান লিখেছেন, ‘আমার মনে হচ্ছিল, আমি যেন স্বপ্ন দেখছি। প্রচণ্ড আনন্দে অশ্রুকে আর ধরে রাখতে পারিনি আমি।’ এ ছাড়া কিমের অনামিকায় পরানো বাগদানের আংটির ছবি তুলেছেন হেয়ারস্টাইলিস্ট ক্লাইড হেগুড।
প্রসঙ্গত, দ্বিতীয় স্বামী ক্রিস হামফ্রিসের সঙ্গে মাত্র ৭২ দিনের সংসার শেষে গত বছরের এপ্রিলে কেনি ওয়েস্টকে সঙ্গী হিসেবে বেছে নেন কিম। অথচ তখনও আইনগতভাবে ক্রিসের স্ত্রী ছিলেন কিম। গত বছরের ৩১ ডিসেম্বর কিম ও কেনি ওয়েস্ট জানান, প্রথম সন্তান প্রত্যাশা করছেন তাঁরা। কাগজে-কলমে ক্রিস এবং কিমের বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে গত ৩ জুন। এর আগে ক্রিস দাবি করেছিলেন, কিম বনিবনা না হওয়াকে বিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করলেও, আদতে কখনোই সে সংসার টিকিয়ে রাখতে চায়নি। কিম তাঁর রিয়েলিটি শোয়ের অংশ হিসেবেই বিয়ে নামের নাটক মঞ্চস্থ করেছে।