
১৪ জুলাই রাত ১১টায় বৈশাখী টিভিতে পারিহার উপস্থাপনায় প্রচারিত হলো সরাসরি গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’। শিল্পী ছিলেন বর্তমান প্রজন্মের নাসির ও নাজু আখন্দ। দুজনই বেছে নিয়েছেন দুই বাংলার খ্যাতিমান শিল্পীদের গাওয়া জনপ্রিয় গান। বলার অপেক্ষা রাখে না, তাতে অনুষ্ঠান আকর্ষণীয় হয়েছে। কিন্তু একজন শিল্পীকে চেনার জন্য সর্বাগ্রে প্রয়োজন তাঁর নিজের গান, যার সবচেয়ে বড় সুযোগ এ অনুষ্ঠানগুলোই। কিন্তু এ প্রজন্মের নবীন শিল্পীরা অধিকাংশই এ বিষয়ে উদাসীন। এ প্রজন্মের সবাই চান রাতারাতি জনপ্রিয় হতে। যে কারণে অন্যের জনপ্রিয় গান গেয়ে তাঁরা সহজে শ্রোতার মন জয় করতে চান। অনেকটা অন্যের কাঁধে চড়ে রথ দেখতে যাওয়ার মতো।
শিল্পী নাসির অবশ্য অন্যের গানের পাশাপাশি নিজের কয়েকটি গানও করেছেন, কিন্তু নাজু অধিকাংশই করেছেন অন্যের গান। নাজুর কণ্ঠ মিষ্টি ও সুরেলা। তবে উপস্থাপনা আরেকটু সাবলীল হলে আরও ভালো হতো। পাশাপাশি নাসিরের উপস্থাপনা সাবলীল, গলা খুলে গান করেন। কণ্ঠে আরেকটু আবেগ দিয়ে সুরের গভীরে প্রবেশ করতে পারলে আরও ভালো লাগত। পারিহার উপস্থাপনা আন্তরিক ও আকর্ষণীয়।
১৩ জুলাই রাত ১১টায় মাছরাঙা টিভিতে প্রচারিত হলো কৌশিক শংকর দাশের উপস্থাপনায় সরাসরি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাব’। অনুষ্ঠানে শিল্পী ছিলেন নাজমিন মিমি। তিনি মাঝেমধ্যে গানের অনুষ্ঠান উপস্থাপনাও করেন। অনুষ্ঠান উপস্থাপনা ভালো করলেও তাঁর গান পরিবেশনায় কিছুটা কৃত্রিমতা লক্ষ করা গেছে। বিশেষ করে মুখভঙ্গিতে। এ ছাড়া কিছু কিছু গানে স্থায়ী, অন্তরা ধরা এবং ছাড়ার ক্ষেত্রে মাঝেমধ্যে মনে হয়েছে তিনি অবচেতনেই মূল সুর থেকে সরে এসেছেন। যেমন ‘ভালোবাসার আগুন জ্বেলে কেন চলে যাও’, ‘আষাঢ় শ্রাবণ মানে না তো মন’, ‘তুমি যদি ডাকতে পারো’—এ গানগুলোতে এই ব্যাপারটি লক্ষ করা গেছে। তিনিও জনপ্রিয় শিল্পীদের জনপ্রিয় গানের দিকেই বেশি ঝুঁকেছেন। তবে দর্শকদের অনুরোধ তিনি সঙ্গে সঙ্গে রক্ষা করার চেষ্টা করেছেন, এটি প্রশংসনীয়।
এবার টেলিছবি ও নাটক প্রসঙ্গে। ১৩ জুলাই রাত ১০টা ৫৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হলো আনিসুজ্জামানের রচনা ও পরিচালনায় টেলিছবি থার্ড পারসন। ছবির গল্পটি সংক্ষেপে এ রকম—রওনক হাসান ডাক্তার হয়ে এসেছেন রাঙামাটি। এসেই লেকের ধারে ছবি তুলতে গিয়ে তাঁর সঙ্গে ধাক্কা লেগে পরিচয় হয় মৌসুমী হামিদ ও তাঁর মামাতো বোনের। প্রথমে বিরাগ, তারপর জন্ম নেয় অনুরাগ। মৌসুমী ও রওনকের পরস্পর পরস্পরকে ভালো লাগে। এদিকে মৌসুমীর বোনও মনে মনে ভালোবাসেন ডা. রওনককে। মাঝে জানা যায়, মৌসুমীর এনগেজমেন্ট হয়ে আছে অস্ট্রেলিয়াপ্রবাসী তাঁর বাবার বন্ধুর ছেলের সঙ্গে। ছেলেটি বছর পেরিয়ে যখন দেশে আসে, তখন মৌসুমী তাকে প্রত্যাখ্যান করে ডা. রওনককে আঁকড়ে ধরে বলেন, ‘তোমাকে ছাড়া আমি বাঁচব না।’ এভাবে শেষ হয় টেলিছবির গল্প।
প্রথমেই বলা যায়, এটি টেলিছবি হয়ে উঠতে পারেনি, এটি আসলে এক পর্বের নাটকই হয়েছে। এ ছাড়া ছবির গল্প এবং নির্মাণ, দুটিই দুর্বল। শুরুতে লেকের ধারে ফাঁকা জায়গায় হাঁটতে হাঁটতে ধাক্কা লাগাটা দেখে হাস্যকর মনে হয়েছে। ডাক্তারের ফটোগ্রাফে অনুরাগ দিয়ে গল্প শুরু হলেও পরবর্তী সময়ে এ ব্যাপারে আর কোনো যোগসূত্র দেখানো হয়নি। মৌসুমীর প্রতি রওনকের দুর্বলতা জাগার কারণটিও বিশ্বাসযোগ্য করে তুলতে পারেননি নির্মাতা। যে কারণে তাঁর বোনের জন্যই বরং আফসোস হয়েছে দর্শকদের। তা ছাড়া রওনকের সঙ্গে মৌসুমীকে জুটি হিসেবেও মানায়নি, বেশি বয়সী মনে হয়েছে। আর রাঙামাটির পটভূমিতে নির্মিত ছবি, অথচ একবার ওই ঝুলন্ত ব্রিজ দেখানো ছাড়া আর কোথাও তেমন দৃশ্যের সাক্ষাৎ মেলেনি। দর্শকের হিসেবে বিষয়টি ফাঁকিবাজিই মনে হয়েছে।
১৪ জুলাই রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হলো মাহবুব সুমনের পরিচালনায় ছুটির দিনের নাটক অহর্নিশ ভালোবাসা। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুমাইয়া শিমু, তৌসিফ মাহবুব প্রমুখ। নাটকের গল্প সংক্ষেপে এ রকম, শিমুদের বাসার কেয়ারটেকার আসাদের ভাগনে তৌসিফ পড়ালেখার উদ্দেশ্যে ঢাকায় এসে আশ্রয় নিয়েছেন মামার কাছে। বাবার অনুপস্থিতিতে শিমু তৌসিফের সঙ্গে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। আসাদ এটি জেনে ভীত হয়ে পড়েন। শিমুর বাবা বিদেশ থেকে এলে শিমু ও তৌসিফ সিদ্ধান্ত নেন নিজেরা কাজি অফিসে গিয়ে বিয়ে করার। যথারীতি তৌসিফ কাজি অফিসে গিয়ে অপেক্ষা করেন কিন্তু শিমু আর আসেন না, তাঁকে ফোনেও পান না। তারপর তিনি হাঁটতে হাঁটতে গিয়ে দেখেন শিমু সিনেমার শুটিং করছেন, তিনি পরিচালক। এরপর শিমু তৌসিফকে প্রত্যাখ্যান ও অপমান করেন। তিনি জানান, একটা সিনেমার প্লটের জন্য তিনি নাকি অভিনয় করেছেন। তারপর আসাদের কাছে তৌসিফের আত্মহত্যার খবর শুনে শিমু পাগল হয়ে যান। এরপর জানা যায়, তৌসিফ আত্মহত্যা করেননি।
গল্প এ পর্যন্তই, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল, শিমুও হয়তো সুস্থ হয়ে বলবেন, ‘না না, আমি পাগল হইনি, অভিনয় করেছি।’ একটি কথা আমরা আগেও লিখেছি যে নাটকীয়তাই একটি নাটকের প্রাণ, কিন্তু অতিনাটকীয়তা সেই প্রাণকেই করে ফেলে নিষ্প্রাণ। অহর্নিশ ভালোবাসায়ও অতিনাটকীয়তাই নাটকটিকে নিষ্প্রাণ করে ফেলেছে। যে কারণে নাটকের শেষে শিমু যখন পাগল হয়ে মৃত তৌসিফের টি-শার্ট বালিশে পরিয়ে প্রলাপ বকছেন, তখন দর্শকের কাছে তা কষ্টকর মনে হয়নি, বরং হাস্যকর মনে হয়েছে। তা ছাড়া সুমাইয়া শিমু এবং তৌসিফ জুটিও দর্শকের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।