নাটকে, ফ্যাশন প্রদর্শনীতে মাদককে ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোকার এখন পড়ায় মন বসে না। দামি স্কুলে পড়ে সে। স্কুল থেকে ফিরে সেই ভরদুপুরে কোথায় যে যায়, কাউকে বলে না। কেমন যেন আনমনা হয়ে থাকে সব সময়। এরপরের দৃশ্যে দেখা যায়, খোকা তার বন্ধুদের পাল্লায় পড়ে মাদক নিচ্ছে। বন্ধুরা বলে, আরে, এটাই তো জীবন। খোকাও সেই জীবনে ডুব দেয়। এরপর এক দিন লাশ হয়ে ঘরে ফেরে। বাতাসে ভেসে বেড়ায় মায়ের কান্না। এটি খোকা চলে গেলো, ফিরে এলো না নাটকের গল্প।গতকাল শনিবার গুলশানের আর এম সেন্টারে মাদকবিরোধী সংগঠন ‘আলো’র আয়োজনে মাদক বিষয়ে সচেতনতা গড়ে তুলতে আয়োজিত অনুষ্ঠানে এ নাটকটি মঞ্চস্থ হয়। অনুষ্ঠানের শুরুতে উৎস বিদ্যানিকেতনের খুদে শিক্ষার্থীরা এ নাটকে ফুটিয়ে তোলে মাদকের ভয়াবহতা।এরপর ছিল তুতলি রহমানের পরিচালনায় ফ্যাশন প্রদর্শনী। এ ফ্যাশন প্রদর্শনীর মূলে ছিল ১৩-১৯ বছর বয়সী কিশোর-কিশোরীরা। তারা মাদককে ‘না’ বলে মেতে থাকতে পারে, এমন উচ্ছল আনন্দে সেই বিষয়টিই তুলে ধরা হয়েছিল এ পর্বে। এর মধ্য দিয়ে না বলেছে মাদককে। ফ্যাশন প্রদর্শনী শেষে ছিল প্রাচ্যনাটের নাটিকা।এরপর অনুষ্ঠানে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হয় মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্র ‘আপন’-এর প্রধান ব্রাদার রোনাল্ড ড্রাহোজেলের হাতে। সবশেষে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। উদীচীর প্রতিবাদী সংগীতানুষ্ঠানগানে গানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানাল বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। গতকাল রাজধানীর মুক্তাঙ্গনে উদীচীর আয়োজনে সংস্কৃতিকর্মী সমাবেশ ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হাবিবুল আলম, প্রবীর সরদার, গোলাম কুদ্দুছ, হাসান আরিফ, লিয়াকত আলী প্রমুখ। বক্তারা বলেন, দেশের মানুষ আজ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মাঠে নেমেছে। উদীচীও সেই ডাকে সাড়া দিয়ে সংগীতের মাধ্যমে প্রতিবাদ এবং অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারকাজ ত্বরান্বিত করার দাবি জানাচ্ছে। আলোচনা শেষে উদীচী ঢাকা মহানগর, লালবাগ ও পল্লবী শাখার শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বরিশালে উদীচী জেলা সংসদ সকালে নগরের অশ্বিনীকুমার হল চত্বরে জমায়েত ও গণসংগীতের আয়োজন করে। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ঘৃণা জানিয়ে সংগীতানুষ্ঠান শুরু হয়। উত্তমকুমারের ছবি দেখতে দর্শকের ভিড়‘রঙিন সিনেমা, ত্রিমাত্রিক ছবি। প্রযুক্তির কত উন্নতি। তবুও উত্তম-সুচিত্রা তাঁদের জায়গাতেই আছেন। বাংলা চলচ্চিত্র যত দিন টিকে থাকবে, তত দিন তাঁরা মানুষের হূদয়ে টিকে থাকবেন সেরা জুটি হিসেবে।’ জাতীয় জাদুঘর মিলনায়তনে উত্তমকুমারের সপ্তপদী ছবিটি দেখতে এসে বলছিলেন কলেজ-শিক্ষক ফাহমিদা বেগম। বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভারতীয় হাইকমিশন তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে শুক্রবার থেকে। উৎসবে উত্তমকুমার অভিনীত সাতটি সিনেমা দেখানো হচ্ছে। গতকাল দ্বিতীয় দিনে প্রচুর দর্শকসমাগম হয়েছিল। বেলা ১১টায় দেখানো হয় ধন্যি মেয়ে, বিকেল সাড়ে তিনটায় ছদ্মবেশী এবং সন্ধ্যায় ছিল সপ্তপদী। আজ উৎসবের শেষ দিনে দেখানো হবে চৌরঙ্গী, স্ত্রী এবং পথে হলো দেরী । রাজিয়া সুলতানার তুলিতে বাংলার নারীগত শুক্রবার বিকেলে ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী রাজিয়া সুলতানার তিন দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে প্যাস্টেল, জলরং, পেনসিল স্কেচ ও তেলরঙে আঁকা ২৭টি ছবি রয়েছে। উজ্জ্বল রঙে আঁকা ছবিগুলোয় নারীর জীবনের নানা পর্যায় তুলে ধরেছেন তিনি। আদিবাসী নারী, শহরের কর্মজীবী, গ্রামীণ পরিবেশে ও প্রকৃতির সঙ্গে নারীজীবনের সম্পর্কের দিকগুলো উঠে এসেছে শিল্পীর কাজে। প্রদর্শনী শেষ হবে ২৫ জুলাই।