এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘ধূপছায়া’। এটি রচনা ও পরিচালনা করেছেন এজাজ মুন্না। নাটকে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম। গতকাল সকালে তাঁর সঙ্গে যখন কথা হলো, তখন তিনি ট্রেনে।কোথায় যাচ্ছেন?লালমনিরহাটে। ওখানে একটা নাটকের শুটিং হবে। নাম ভাঙা পথের রাঙা ধুলায়। গল্পটি লালমনিরহাটের সাংস্কৃতিক অঙ্গন নিয়ে। তাই ওখানেই যেতে হচ্ছে। আমার স্ত্রী লায়লা হাসানও যাচ্ছেন। তিনিও এ নাটকে অভিনয় করছেন। ‘ধূপছায়া’ নাটকের খবর কী?এ নাটকে প্রায় এক বছর ধরে অভিনয় করছি। এতে আমার চরিত্রের একটা দারুণ ব্যাপার আছে। কথায় কথায় গান করি। আমার তো যথেষ্ট বয়স হয়েছে। কিন্তু এ নাটকে সেই ব্যাপারটা রাখা হয়নি। আমি বেশ রসিক। যেকোনো বিষয় নিয়ে রসিকতা করতে পছন্দ করি। প্রাণখোলা স্বভাব। সব মিলিয়েই কাজটা করতে ভালো লাগছে।এখন তো চ্যানেল আইয়ে আপনার আরেকটি ধারাবাহিক দেখানো হচ্ছে?হ্যাঁ, সালাহউদ্দিন লাভলুর পরিচালনায়। আমি তো সাত বছর দেশের বাইরে ছিলাম। এর আগে ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। তখন অভিনয়টা একেবারেই করা হয়নি। সব মিলিয়ে ১৩-১৪ বছর তো হবেই। ২০০৮ সালের ডিসেম্বরে দেশে ফেরার পর আনন্দধামই ছিল আমার প্রথম ধারাবাহিক। পরে অবশ্য এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন ধারাবাহিকটির নাম স্বপ্নবাজার। চমৎকার গল্প।আপনি তো চলচ্চিত্রেও অভিনয় করেছেন?হ্যাঁ। সোহেল আরমানের এই ছবির নাম এই তো প্রেম। ছবিতে আমি কলেজশিক্ষক। এ ছবিতে কাজ করার একটা ঘটনা আছে। একটি দৃশ্যে পাকিস্তানি হানাদার বাহিনী আমাকে ঘর থেকে টেনে বের করে উঠোনে নিয়ে আসে। এরপর ঘরে আগুন লাগিয়ে দেয়। চারদিকে প্রচণ্ড ঝড়বৃষ্টি। আমাকে তারা হত্যা করে। শুটিং যখন শুরু হয়, তখন ঘড়িতে রাত ১২টা। কাজ হয়েছে ভোর ছয়টা পর্যন্ত। দৃশটি চূড়ান্ত না হওয়ায় আমাকে বারবার ভিজতে হয়েছে, গা শুকিয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে। এই বয়সেও এ ধরনের দৃশ্য করতে পারব, ভাবতে পারিনি। যাক, বড় কোনো অসুবিধা হয়নি।