নাটকে আর না

ঘটনা বছর খানেক আগের। তখনো চলচ্চিত্রে সেভাবে কাজ শুরু হয়নি। সেই সময় এক্সক্লুসিভ এক্সট্রা ব্যাচেলর নামে ১০৪ পর্বের এক ধারাবাহিকে অভিনয় শুরু করেন পরীমনি। ধারাবাহিকটির ৪০ পর্ব পর্যন্ত দৃশ্যধারণ হয় সে সময়। এরপর এর প্রচারের অপেক্ষা। প্রচার শুরু হলে পর্যায়ক্রমে বাকি অংশের শুটিং শুরুর কথা ছিল। কিন্তু মাঝের সময়টায় পরীমনির পথ বাঁক নেয় ভিন্ন দিকে। একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হয়ে এরই মধ্যে চলচ্চিত্র নিয়ে মহা ব্যস্ত এই অভিনেত্রী। তাই এখন ঠিক করেছেন নাটকে আর অভিনয় করবেন না তিনি।
কিন্তু আগামী মাস থেকে আরটিভিতে পরীমনি অভিনীত ওই ধারাবাহিকটির প্রচার শুরুর কথা রয়েছে বলে জানান এর পরিচালক বি ইউ শুভ। কিন্তু বর্তমানে চলচ্চিত্রে ব্যস্ত পরীমনি কি ধারাবাহিকটির পরের অংশের শুটিংয়ে অংশ নিতে পারবেন? এই প্রশ্নের জবাব দিলেন পরীমনি। বললেন, ‘নাটকে আর অভিনয় করব না। তবে যেহেতু নাটকের একটি অংশে আমি অভিনয় করেছি। আমার একটা দায়িত্ব তো আছেই। দেখা যাক, কী করা যায়।’
পরীমনির ব্যস্ততার বিষয়টি মেনে নিয়ে পরিচালক বি ইউ শুভ বিকল্প পথ বের করেছেন। জানিয়েছেন, পরীমনির চরিত্রটির ইতি টানবেন তিনি। বললেন, ‘পরীমনির চরিত্রটি একটি ঘটনার মধ্য দিয়ে শেষ করে দিতে চাই। এর জন্য তাঁকে অন্তত এক শিফট শুটিং করা লাগবে। পরীমনির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি সহযোগিতা করবেন।’