নাটকে আশরাফুল
ক্রিকেটের ব্যাট-বল নিয়ে খেলার মাঠে দেখা যায় মোহাম্মদ আশরাফুলকে। এবার তাঁকে দেখা যাবে টিভি পর্দায়, অভিনয় করতে। হ্যাঁ, টিভি নাটকে অভিনয় করেছেন এই ক্রিকেট তারকা। নাটকের নাম টি-টুয়েন্টি। এতে আশরাফুলের বিপরীতে অভিনয় করেছেন প্রভা। গতকাল বৃহস্পতিবার নাটকের শুটিংয়ে অংশ নিলেন আশরাফুল। বললেন, ‘এই নাটকে বিনোদনের পাশাপাশি কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর গল্পটিও খুব সুন্দর। তাই রাজি হয়েছি।’নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। বললেন, ‘আমি নিজে ক্রিকেটার হতে চেয়েছিলাম। পারিনি। তাই ক্রিকেট নিয়ে নাটক নির্মাণ করে সে স্বপ্ন পূরণের চেষ্টা করছি। একজন ক্রিকেটার যে শুধু তারকা নন, ব্যক্তি হিসেবেও তাঁর আলাদা একটা জগৎ আছে। আর সেই জগতের প্রতি সবার শ্রদ্ধা থাকা উচিত—এই বক্তব্যটি নাটকের মাধ্যমে তুলে করার চেষ্টা করেছি।’তিনি আরও বলেন, ‘আশরাফুলও নাটকে কাজ করার আগে শর্ত দিয়েছিলেন, নাটকে অভিনয়ের জন্য যেন তাঁর খেলাধুলার কোনো ক্ষতি না হয়। সেই শর্ত মেনেই আমরা কাজটা করেছি। আশরাফুল তাঁর প্র্যাকটিস সেশন ও সংবাদ সম্মেলন শেষ করে কাজের ফাঁকে শুটিংয়ে অংশ নিচ্ছেন।’আশরাফুলের এক অন্ধভক্তের চরিত্রে কাজ করছেন প্রভা। তিনি বললেন, ‘ক্রিকেটারদের প্রতি আমাদের বয়সীদের অন্য রকম এক আকর্ষণ থাকে। নাটকে সে পাগলামিগুলোই করেছি। সাবেক ক্রিকেট তারকা রকিবুল হাসান নাটকে আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন। সব মিলিয়ে কাজটা খুব উপভোগ করছি।’ ধানমন্ডি ক্লাব মাঠ ও মিরপুর স্টেডিয়ামে নাটকের কাজ করছেন পরিচালক। তিনি জানান, বিশ্বকাপ ক্রিকেট শুরু হওয়ার পর নাটকটি দেখানো হবে।