নাটকে ওরা দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহজাবিন ও অহনা; দুজনেরই মিডিয়াতে আগমন সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। একজন লাক্স-চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতার চ্যাম্পিয়ন। অন্যজন বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতার শীর্ষ চারজনের একজন। এবার তাঁরা দুজন একসঙ্গে নাটকে কাজ করলেন, তাও আবার কমেডি নাটকে। নাম ‘হাসো আনলিমিটেড’। লিখেছেন গোলাম রিয়াদ। পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। সম্প্রতি উত্তরার একটি শুটিং বাড়িতে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে কাজ করা প্রসঙ্গে লাক্স তারকা মেহজাবিন বলেন, ‘অহনার বেশ কয়েকটি নাটক আমি দেখেছিলাম। নাটকের সেটে এসে তাঁর সঙ্গে আমার প্রথম আলাপ হয়। খুব ভালো লেগেছে নাটকটিতে একসঙ্গে কাজ করে। গল্পটাও ছিল বেশ মজার। খুব মজা করে আমরা নাটকটির শুটিং করেছি।’অহনা বলেন, ‘মেহজাবিনের সঙ্গে আগে পরিচয় ছিল না। এ নাটকের মাধ্যমেই আমাদের দুজনের কথাবার্তা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে বন্ধুত্বও তৈরি হয়। বলতে পারেন একধরনের প্রতিযোগিতার মনোভাব নিয়ে কাজটি করতে হয়েছে। মনে হচ্ছে, নাটকটি দেখে দর্শকেরা বেশ আনন্দ পাবে।’