
যুদ্ধ মানেই শুধু যুদ্ধ নয়। দেশে দেশে মুক্তির লড়াইয়ে শক্তি সঞ্চার করেছে, প্রেরণা দিয়েছে এমন অনেক মানুষের কথা মহাকাল মনে রাখেনি। সেই সব অজানা গল্প আর অচেনা মানুষের আত্মাহুতির কাহিনি নিয়ে নাটক টার্গেট প্লাটুন। স্বাধীনতা দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমী আয়োজিত উৎসবে গতকাল মঙ্গলবার মঞ্চস্থ হয় নাটকটি।
গতকাল সন্ধ্যায় শুরু হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমীর দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। চৈত্রের সন্ধ্যায় একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বসে নাটক, গান, কবিতা ও নাচ দিয়ে সাজানো এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ। স্বাধীনতা দিবসকে নিবেদিত আলোচনায় অংশ নেন পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা।
আলোচনা শেষে সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মঞ্চস্থ হয় মান্নান হীরা রচিত ও নির্দেশিত নাটক রাজারবাগ ’৭১। পরিবেশন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নাট্যদল। অন্যদিকে একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হয় মুক্তিযুদ্ধভিত্তিক নতুন প্রযোজনা টার্গেট প্লাটুন। মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় নাটকটি পরিবেশন করে শিল্পকলা একাডেমীর রেপার্টরি নাট্যদল।
মুক্তিযুদ্ধ জাদুঘরের স্বাধীনতা উৎসব
স্বাধীনতা দিবস এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলছে উৎসব। ২২ মার্চ থেকে শুরু হওয়া এ উৎসবের মঙ্গলবার ছিল চতুর্থ দিন। এদিন বিকেল পাঁচটায় জাদুঘরের সেগুনবাগিচা কার্যালয়ে শুরু হয় অনুষ্ঠান। আয়োজনের শুরুতেই স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। এরপর ‘যুদ্ধাপরাধের বিচার’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি তুরিন আফরোজ।
দ্বিতীয় পর্বে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শোনান কণ্ঠশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র। সমবেত সংগীত পরিবেশনায় অংশ নেয় মেহেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও বধ্যভূমির সন্তান দল। ইউনিভার্সেল থিয়েটার পরিবেশন করে পথনাটক ছাড়পত্র।
তবু মাথা নোয়াবার নয়
মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসরের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে ‘তবু মাথা নোয়াবার নয়’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মুক্ত আসরের উপদেষ্টা ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মাসুদুর রহমান বীর প্রতীক বলেন, ‘তরুণদের এখন দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে দেশ ব্যর্থ হয় না, দেশ পরিচালনাকারীদের ব্যর্থতা দেশের ব্যর্থতা বললে ভুল হবে।’ পরে তিনি মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা বলেন।
অনুষ্ঠানে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তুলে ধরেন। গান পরিবেশন করে মুক্ত আসরের সাংস্কৃতিক দল।
স্বপ্নফুলের স্বাধীনতা উৎসব
শিশু-কিশোর সংগঠন স্বপ্নফুল আয়োজন করেছে স্বাধীনতা উৎসব। সেগুনবাগিচার কচিকাঁচা মিলনায়তনে ২৬ মার্চ বিকেল চারটায় উৎসব শুরু হবে। এতে থাকবে শিশু-কিশোরদের অংশগ্রহণে সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন। অনুষ্ঠানে শিল্পসাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১৩ জনকে স্বাধীনতা পদক প্রদান করা হবে।