নাটকে ফিরলেন ঈশিতা
তিন মাস পর আবারও নাটকের শুটিংয়ে ফিরেছেন অভিনয়শিল্পী রুমানা রশীদ ঈশিতা। আজ থেকে উত্তরার আপনঘর শুটিংবাড়িতে নাটকের শুটিং শুরু করেছেন তিনি। তুহিন অবন্তের রচনা ও পরিচালনায় এক ঘণ্টার এই নাটকের নাম ‘চক্রবলয়’। নাটকটিতে ঈশিতার সহশিল্পী আরমান পারভেজ মুরাদ।ঈশিতা বলেন, ‘ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার পরিকল্পনার কাজে যুক্ত থাকার কারণে মাঝের দুই মাস কোনো নাটকে অভিনয় করা হয়নি। এরপর পরিবারের সবার সঙ্গে বেড়ানোর জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। এসে আর কোনো নাটকের শুটিং করিনি। চক্রবলয় নাটকের গল্পটা পছন্দ হওয়ায় কাজটি করার সিদ্ধান্ত নিলাম।’চক্রবলয় নাটকের শুটিংয়ে পর আবারও তিন মাসের জন্য রিয়েলিটি শো খুদে গানরাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন বলে জানান ঈশিতা। তিনি বলেন, ‘এখন খুদে গানরাজ প্রতিযোগিতার বিভিন্ন পরিকল্পনা হচ্ছে। এরই ফাঁকে কিছুটা সময় মেলাতে নাটকটিতে অভিনয় করছি।’ নাটকে অভিনয়ের পাশাপাশি ঈশিতা এখন নিয়মিতভাবে পরিচালনার কাজটিও করে যাচ্ছেন। সর্বশেষ তিনি ভালোবাসা দিবসের জন্য একটি নাটক নির্মাণ করেছিলেন। নাটকটিতে অভিনয়ে করেছিলেন সংগীতশিল্পী এস আই টুটুল ও ‘ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১২’-এর বিজয়ী নওশীন।