নাটকে মুক্তিযুদ্ধ ও নিজস্ব ঐতিহ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ বছর পার করল নাগরিক নাট্যাঙ্গন। এ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীতে শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে দুই দিনের অনুষ্ঠানমালার আয়োজন করে দলটি। দুই দিনে দুটি নাটকও প্রদর্শিত হয়। শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলের বহিরাঙ্গন বর্ণিল সাজে সাজানো হয়। উদ্বোধনী দিনে অনুষ্ঠান শুরু হয় বিকেল চারটায়। এদিন অনুষ্ঠান তিন পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বিকেল চারটায় দলীয় কর্মীরা আনন্দ উত্সবের আয়োজন করেন। সঙ সেজে, দলীয় নাটকের পোশাক পরে শোভাযাত্রা বের করেন কর্মীরা। বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রা শিল্পকলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় দলীয় কর্মীরা নিজ দলের বাংলা নাটকের একাধিক গান পরিবেশন করেন। দ্বিতীয় পর্বে মিলনায়তনে ১৫ জন নিবেদিতপ্রাণ নাট্যকর্মীর হাতে পদক তুলে দেওয়া হয়। পদক তুলে দেন দলের ১৫ জন প্রবীণ নাট্যকর্মী। পরে তৃতীয় পর্বে এসে অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। দলীয় কর্মীদের গানের সুরে সুরে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক লাকী ইনাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম সেলিম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে রাশেদা কে চৌধুরী বলেন, ‘বর্তমান পেক্ষাপটে থিয়েটার অঙ্গনে নাটকের দলগুলো মুক্তিযুদ্ধ ও আমাদের নিজস্ব ঐতিহ্যকে ধরে অবিরাম কাজ করে যাচ্ছে। আমাদের সমাজে থিয়েটারের অনেক ভূমিকা আছে। জাতিকে সচেতন করতে নাটক অগ্রণী ভূমিকা পালন করে।’লাকী ইনাম বলেন, ‘আমরা গত ১৫ বছর নিরলসভাবে কাজ করে গেছি। এই সময়ের মধ্যে আমরা ঢাকার মঞ্চে অনেক ভালো ভালো নাটক উপহার দিতে পেরেছি। একই সঙ্গে আমরা দলীয় ব্যানারে এনএনআইডি নামের একটি স্কুলও প্রতিষ্ঠা করেছি। এখান থেকে অনেক নতুন ছেলেমেয়ের থিয়েটারের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। এখন তারা ঢাকার মঞ্চে বেশ দাপটের সঙ্গে অভিনয় করছে।’ শেষ পর্বে দলের নতুন মুক্তিযুদ্ধের নাটক সেইসব দিনগুলো মঞ্চস্থ হয়। ড. ইনামুল হকের লেখা নাটকটির নির্দেশনায় ছিলেন লাকী ইনাম। অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে একই হলে মঞ্চস্থ হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক নাটকটি। এটিরও নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম। উল্লেখ্য, গত ১৫ বছরে নাগরিক নাট্যাঙ্গন গোলমাথা চোখামাথা, জনতার রঙ্গশালা, প্রাগৈতিহাসিকসহ প্রভৃতি জনপ্রিয় নাটক দর্শককে উপহার দিয়েছে।