নাটকে মুক্তিযুদ্ধের স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের ৪০ বছর পরের এক বিকেলবেলা। মুক্তিযোদ্ধা রমিজের স্মৃতিতে ভেসে ওঠে যুদ্ধের বীভৎস ঘটনাগুলো। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে রমিজের বাবা-মাকে আগুনে পুড়িয়ে মারে রাজাকাররা। ওরা তার বাড়ি-ঘর, বাগান, হিমসাগর দিঘিসহ সব সহায়-সম্বল লুট করে নেয়। আজ পর্যন্ত রমিজ তার সহায়-সম্বল উদ্ধার করতে পারেনি। এই স্বাধীন বাংলাদেশে এখনো বিচার হয়নি যুদ্ধাপরাধীদের। দিন বদলের পালা নাটকের কাহিনিটিই এমন। লক্ষ্মীপুর সরকারি কলেজের এই নাটকটি গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয়। নির্দেশনা দিয়েছেন মাইন উদ্দিন পাঠান।দিন বদলের পালা নাটকে দেখা যায় ৪০ বছর আগের এসব কথা মনে করে হতাশ হয়ে পড়ে বীর মুক্তিযোদ্ধা রমিজ। বিজয়ের পর স্বাধীন দেশের মাটিতে রমিজ এসব দালাল-রাজাকারের বিচার হবে এই ছিল তার স্বাভাবিক প্রত্যাশা। অপেক্ষার প্রহর গুনতে গুনতে চারটি দশক পার হয়ে গেছে। কবে হবে এই পাপীদের বিচার?এর মধ্যে একদিন রমিজের সহযোদ্ধা রহমান এসে জানায়, রাজাকার নওয়াব রমিজের হিমসাগর দিঘি ফিরিয়ে দিতে চায়। আর এই নিয়ে সে কোনো বিবাদ করবে না। নওয়াবকে মাফ করে দেওয়া উচিত, কারণ সে এখন অনেক বদলে গেছে। কিন্তু রমিজ তার ভাবনায় অবিচল থাকে। যুদ্ধাপরাধীদের বিচার হতেই হবে। এভাবেই এগিয়ে চলে নাটকের কাহিনি।শিল্পকলা একাডেমীর আয়োজনে মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসবের দশম দিনে গতকাল মোট সাতটি নাটক মঞ্চস্থ হয়। জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় মোহাম্মদ জালাল উদ্দীন নির্দেশিত সুনামগঞ্জ সরকারি কলেজের নাটক বাংলা মায়ের ছেলে এবং রাত আটটায় মঞ্চস্থ হয় মাইন উদ্দিন পাঠান নির্দেশিত লক্ষ্মীপুর সরকারি কলেজের নাটক দিন বদলের পালা। পরীক্ষণ থিয়েটারে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় মোসলেম উদ্দিন নির্দেশিত চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর নাটক বধ্যভূমি ফয়’স লেক। স্টুডিও থিয়েটারে সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হয় রণজিৎ কুমার মিত্র নির্দেশিত রাঙামাটি সরকারি কলেজের নাটক একটি সূর্যের জন্য এবং সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হয় শামসুদ্দিন চৌধুরী ফরহাদ নির্দেশিত নোয়াখালী সরকারি কলেজের নাটক দিন বদলের পালা। এ ছাড়া জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হয় নূরে হাবীব সিদ্দিকী নির্দেশিত নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের নাটক কলম কলঙ্ক, সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হয় গোলাম মোস্তফা মোহব্বত নির্দেশিত নীলফামারীর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের নাটক ক্ষমা নেই।