নাটকে মৌসুমীর জুটি সজল
টিভি নাটকের ব্যস্ত অভিনয়শিল্পী সজল। একটি মাত্র চলচ্চিত্রে কাজ করেছেন। আর চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। চলচ্চিত্রের কাজের ফাঁকে টুকটাক টিভি নাটকে অভিনয় করেন। এবারই প্রথম দুই মাধ্যমের এই দুই অভিনয়শিল্পী একসঙ্গে একটি নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘টু বি নট টু বি’। এটি রচনা ও পরিচালনা করেছেন পার্থ সরকার।মৌসুমী ও সজল এরই মধ্যে দুই দিন ‘টু বি অর নট টু বি’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। আরও দুই দিনের শুটিং বাকি আছে।নাটকের গল্পে দেখা যাবে, মামুন জোয়ার্দার (লুত্ফর রহমান জর্জ) বিজ্ঞাপনী সংস্থার ক্রিয়েটিভ হেড। আলোকচিত্রী রাশেদকে (সজল) নতুন একটি পণ্যের ছবি তোলার দায়িত্ব দেওয়া হয়। এই অ্যাসাইনমেন্টটা রাশেদের জন্য বিরাট এক চ্যালেঞ্জ। কারণ, মডেল হবেন মামুন জোয়ার্দারের স্ত্রী। পরদিন রাশেদকে ছবি তুলতে নিয়ে যায় তাদের বাগানবাড়িতে। কিন্তু মিসেস জোয়ার্দারকে দেখে রাশেদ অবাক। ছবি তোলার একপর্যায়ে মামুন জোয়ার্দারের সঙ্গে বাগিবতন্ডা হয় রাশেদের। একসময় খুন হয়ে যায় মামুন জোয়ার্দার। গ্রেপ্তার হয় রাশেদ। মামলাটি তদন্তের দায়িত্ব পড়ে রাশেদের বন্ধু পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা রেবার (মৌসুমী) ওপর। এরপর ঘটতে থাকবে ভিন্ন ঘটনা। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে ‘টু বি অর নট টু বি’ নাটকের গল্প।সজল বলেন, ‘মৌসুমী আপুর সঙ্গে কাজ করা তো দূরে কথা, আগে সেই অর্থে কথাবার্তাও হয়নি। তবে দু-একটা অনুষ্ঠানে সৌজন্য বিনিময় হয়েছে। মৌসুমী আপুর সঙ্গে কাজটি করতে গিয়ে অভিজ্ঞতা একেবারেই অন্য রকম। তিনি এতটা সহযোগিতাপরায়ণ, কাজটি না করলে কখনো বুঝতে পারতাম না। নাটকের গল্পও ভিন্নধর্মী। নাটকটি দেখার পর সবাই তা বুঝতে পারবেন।’চ্যানেল টুয়েন্টি ফোরের জন্য নির্মিত ‘টু বি অর নট টু বি’ নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন পিয়া ও আলিফ। এটি প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত সাড়ে নয়টায়।