নাটকে লাক্স তারকা রাখি
‘কিছুদিন আগেও যাঁকে আমি বিচারক হিসেবে দেখেছি, এখন তাঁরই বিপরীতে অভিনয় করছি—এটা ভাবতেই অন্য রকম লাগছে। এ ক্ষেত্রে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। বিচারক তৌকীর ভাই এবং অভিনেতা তৌকীর ভাইয়েরও পার্থক্যটা দেখেছি।’ কথাগুলো বলছিলেন এবারের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী রাখি। এটি রাখি অভিনীত প্রথম টিভি নাটক। নাম বিস্ময়। রচনা করেছেন বিপাশা হায়াত ও পরিচালনার পাশাপাশি নাটকটিতে অভিনয়ও করেছেন তৌকীর আহমেদ। ৬ ও ৭ ফেব্রুয়ারি রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়িতে নাটকটির শুটিং হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছে। প্রথমবারে মতো টিভি নাটকে কাজ প্রসঙ্গে রাখি এও বলেন, খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছে নাটকটিতে কাজ করে। নাটকটিতে কাজ করতে যেয়ে বিপাশা হায়াত ও তৌকীর আহমেদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। এ ছাড়া নাটকের বিভিন্ন বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। যা ভবিষ্যতে অনেক বেশি কাজে আসবে।রাখি আরও বলেন, ‘প্রতিযোগিতার সময় ছোট কিছু নাটিকায় অভিনয় করেছি। এবার একেবারে পূর্ণাঙ্গ একটি নাটকে অভিনয় করলাম। তাও আবার প্রথম নাটকে বিপাশা হায়াত ও তৌকীর আহমেদকে পাওয়া রীতিমতো সৌভাগ্যের ব্যাপারও মনে করছি।’ রাখি বর্তমানে ‘এ’ লেভেলে পড়াশুনা করছেন। ভালো মানের গল্প পেলে পড়াশুনার পাশাপাশি টিভি নাটকে নিয়মিত কাজ করতে চান রাখি।‘বিস্ময়’ নাটকটি কাল সোমবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।