নাটকে শেয়ারবাজার

শেয়ারবাজারের ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘শেয়ারবাজার ডটকম’। মোস্তাফিজুর রহমান নাহিদের রচনা ও নয়ন মিল্টনের পরিচালনায় আজ একুশে টেলিভিশনে নাটকটির প্রচার শুরু হচ্ছে। সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে নয়টায় একুশে টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, হিল্লোল, জেনী, দীপা খন্দকার, নয়ন বাবু, হোমায়রা হিমু, সীমানা, ফারুক আহমেদ প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, অপূর্ব, হিল্লোল, নয়ন বাবু বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে কোনো চাকরি না পেয়ে শেয়ার ব্যবসা শুরু করেন। তাঁরা যে মেসে থাকেন, তার নাম দেয়া হয় ‘বিনিয়োগকারী মেস’। এ মেস আর ওই বাড়ির মালিকের মেয়ে জেনী, হোমায়রা হিমু ও বিশ্ববিদ্যালয় বন্ধু দীপা খন্দকারকে নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা। এদিকে শেয়ারবাজারের বড় বড় বিনিয়োগকারীর সঙ্গে পরিচয় হয় অপূর্ব, হিল্লোল ও নয়ন বাবুর। তাঁরা ব্যবসা করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে থাকেন। একসময় শেয়ারবাজারের পতনে তাঁদের জীবনেও নেমে আসে বিপর্যয়। এই পতনে অপূর্ব টিকে থাকলেও নয়ন শহর ছেড়ে গ্রামে চলে যান। আর হিল্লোল দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এভাবেই ঘুরে যায় নাটকের মোড়।