নাটকে সঞ্জীব চৌধুরীকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাটকের সূচনা সংগীত হিসেবে সঞ্জীবদার জনপ্রিয় গান, “আমাকে নিঃস্ব করে দিয়েছিল চাঁদ, আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ, আমার চোখ গেল ধরেছে সুন্দর, মেয়ে তুমি এভাবে তাকালে কেন, এমন মেয়ে কী করে বানালে ঈশ্বর” গানটি ব্যবহার করেছি আমি। সব সময় আমি চেয়েছি, আমাদের এই প্রিয় শিল্পী ও বন্ধু সঞ্জীব চৌধুরীর পরিবারের কাছে থাকতে। মূলত এই চিন্তা থেকেই সঞ্জীবদার এ গানটি নাটকে ব্যবহার করেছি। গানটির শিল্পীসম্মানী সঞ্জীবদার কন্যা কিংবদন্তীর হাতে তুলে দিয়ে এই শিল্পী পরিবারের কাছে থাকতে চাই।’ কথাগুলো বলছিলেন পরিচালক মাতিয়া বানু শুকু। তিনি নাটকটির রচয়িতাও। সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় এ গানটি ব্যবহার করা হচ্ছে মাতিয়া বানু শুকুর পরিচালনায় নির্মিত ৫২ পর্বের ও চাঁদ ধারাবাহিকে। যদি নাটকটির পর্ব সংখ্যা আরও বাড়ানো হয়, তাহলে সেখান থেকে যে অর্থ আসবে, সেটাও কিংবদন্তীর হাতে তুলে দেওয়া হবে বলেও জানান শুকু। ‘গানটির জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই বাপ্পাদা (বাপ্পা মজুমদার) এবং সাউন্ডটেককে।’তিনি আরও বলেন, ‘সম্প্রতি এই গানটির একটি মিউজিক ভিডিও আমরা তৈরি করেছি। দৃশ্যায়নটাও আমরা বেশ যত্নের সঙ্গে করেছি। গানের দৃশ্যায়নে অংশ নিয়েছেন অভিনেত্রী মৌসুমি বিশ্বাস ও অভিনেতা কল্যাণ।’