নাটকে ‘লাক্স তারকা’ টয়া
এ বছর ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরা পাঁচ হয়েছিলেন টয়া। এবার তিনি টিভি নাটকে অভিনয় করছেন। পরিচালনা করছেন ঈশিতা। নাম অদেখা মেঘের কাব্য। আর নাটকটি দেখানো হবে ভালোবাসা দিবসে চ্যানেল আইতে। দুই দিন ধরে গাজীপুরের ভবানীপুরে নাটকটির শুটিং করছেন ঈশিতা। নিজের নাটকে টয়াকে নেওয়া প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘এবারের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার অনেকের সঙ্গেই আমার আলাপ হয়েছে। মনে হলো, অদেখা মেঘের কাব্য নাটকের চরিত্রটিতে টয়াকেই বেশি মানাবে। তাই ওকে নিয়েই কাজ করছি।’টয়া এখন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন। টিভি নাটকে কাজ করার সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি। বললেন, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সময় দুটি নাটকে কাজ করেছিলাম। ওগুলো প্রতিযোগিতার জন্যই তৈরি হয়েছিল। তবে এবারই প্রথম টিভি নাটকে অভিনয় করছি। খুব আনন্দ হচ্ছে।’ঈশিতা জানান, অদেখা মেঘের কাব্য তাঁর পরিচালিত নবম নাটক। আর ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি ষষ্ঠ নাটক। ফারজানা আফেরিনের গল্প থেকে চিত্রনাট্য তৈরি করেছেন ঈশিতা নিজেই। এখানে টয়া অভিনয় করছেন অপূর্বর বিপরীতে।