নাটকেও তাঁরা মা-মেয়ে
চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী আনোয়ারা ও মুক্তি। সম্পর্কে দুজনই মা-মেয়ে। অভিনয়ও করছেন অনেক দিন ধরে। বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করলেও কখনোই মা-মেয়ের চরিত্রে অভিনয় করা হয়নি তাঁদের। এবারই প্রথম নাটকে আনোয়ারা ও মুক্তি মা-মেয়ের চরিত্রে অভিনয় করবেন। নাটকের নাম ‘রং বেরং’। রচনা ও পরিচালনা করছেন আছাফুজ্জামান ক্যাপ্টেন। সম্প্রতি উত্তরার একটি শুটিং বাড়িতে নাটকটির কাজ শুরু করেছেন বলে জানান মুক্তি নিজেই। গতকাল শনিবার পর্যন্ত নাটকটির ১৩ পর্বের শুটিং শেষ হয়েছে।রং বেরং সম্পর্কে মুক্তি বলেন, ‘নাটকটি আমার প্রযোজনা প্রতিষ্ঠান দোয়া থেকে নির্মিত প্রথম ধারাবাহিক নাটক। এ নাটকেই প্রথমবারের মতো আমি ও মা সত্যিকারের মা-মেয়ে হিসেবে অভিনয় করতে যাচ্ছি। এটা আমার জন্য একেবারেই অন্য রকম অনুভূতি।’মুক্তি আরও বলেন, ‘মা অনেক অভিজ্ঞ ও গুণী অভিনেত্রী। মায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এবার মায়ের সঙ্গে তাঁর মেয়ের চরিত্রে কাজ করব। ব্যাপারটা ভাবতেই খুব ভালো লাগছে। আশা করছি, নাটকটি দর্শকেরা বেশ উপভোগ করবে।’রং বেরং নাটকের অন্য অভিনয় শিল্পীরা হলেন আল মামুন, আবুল হায়াত, ডলি জহুর, শামস সুমন, শাহেদ শরীফ খান, সাবরিন সাকা মিম, নিশো, নওশেবা, নীরব খান প্রমুখ।রং বেরং নাটকটি শিগগিরই বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে বলে জানান মুক্তি।