নাটকেও দম্পতি

‘আমার আর মৌয়ের নিয়মিত একসঙ্গে অভিনয় করা হয় না। অনেক নির্মাতাই চান, কিন্তু দেখা যায় স্ক্রিপ্ট পছন্দ হয় না, দুজনের সময়টা মিলছে না কিংবা আনুষঙ্গিক আরও কিছু কারণ থাকে। শেষ পর্যন্ত কাজটা আর করা হয় না। এবার অঞ্জন আইচের গল্পটি আমাদের খুব পছন্দ হয়েছে। তাই দুজনই রাজি হয়েছি।’ বললেন জাহিদ হাসান।
বছর খানেক পর জাহিদ হাসান ও মৌ দম্পতি এই নাটকে অভিনয় করেছেন। নাটকটির নাম মিস্টার অ্যান্ড মিসেস শাহরিয়ার। লিখেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। আরও অভিনয় করছেন মাজনুন মিজান ও শানু।
অঞ্জন আইচ বলেন, জাহিদ হাসান আর মৌ নাটকেও স্বামী-স্ত্রীর চরিত্রেই অভিনয় করেছেন। শাহরিয়ার তার স্ত্রীকে কতটা ভালোবাসে, তা বোঝাতে পারে না। শেষ পর্যন্ত সে কিছু নাটকীয়তার আশ্রয় নেয়।
পরিচালক জানালেন, গত তিন দিন তাঁরা নাটকটির শুটিং করেছেন। একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পয়লা বৈশাখ তা প্রচারিত হবে।