নাটকের করুণ অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের আলোচনাও আমরা যথারীতি আলোচনা করব নাটক, টেলিছবি ও গান নিয়ে। একসময় নাটকই ছিল টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান। তারপর যুক্ত হয়েছে টেলিছবি। কিন্তু বর্তমানে এ ক্ষেত্রে চলছে নৈরাজ্য ও গোঁজামিলের খেলা। যে কারণে নাটককে ছাপিয়ে এখন সরাসরি প্রচারিত গানের অনুষ্ঠানগুলোই জনপ্রিয় হয়ে উঠছে। তেমনি একটি গানের অনুষ্ঠান দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করব।
১৭ ফেব্রুয়ারি রাত ১১টায় বৈশাখী টিভিতে সরাসরি প্রচারিত হলো গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’। এবারের শিল্পী ছিলেন ফকির আলমগীর। একটানা দুই ঘণ্টা গান করেছেন তিনি। বয়স ও অসুস্থতার কারণে তাঁর দমে সমস্যা বোঝা যাচ্ছিল, কিন্তু কণ্ঠের সেই তেজ এখনো ছুঁয়ে যাচ্ছিল দর্শকহৃদয়। বিভিন্ন ধারার গান করলেও গণসংগীতই তাঁর সাধনার প্রধান ক্ষেত্র, এ অনুষ্ঠানেও তিনি সে বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখেছেন। তাঁর পরিবেশিত ‘মানুষের গান গাই’, ‘মায়ের একধার দুধের দাম’, ‘কালো কালো মানুষের দেশে’ গানগুলো তিনি উঁচুতে টানতে পারছিলেন না, তবু হৃদয় ছুঁয়ে যাচ্ছিল।
প্রায় একই দিন বেলা ২টা ৩০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচারিত হলো ‘ইচ্ছে গানের দুপুর’। এতে শিল্পী ছিলেন আতিক হাসান। তিনি মূলত চট্টগ্রামের শিল্পী। গান করেন গলা খুলে, কণ্ঠও সুরেলা, কিন্তু কিছু কিছু গানে তাঁর সুরে সমস্যা মনে হয়েছে।
একই দিন বেলা তিনটায় দেশ টিভিতে প্রচারিত হলো ‘প্রিয়জনের গান’। এখানে শিল্পী ছিলেন পলাশ ও তিথি। দুজন পালাক্রমে গান করেছেন, তাতে অনুষ্ঠানে কিছুটা বৈচিত্র্য এসেছে। দুজনই সব ধারার গান করেছেন, তবে দেশাত্মবোধক গানেই তাঁদের বিশেষ অনুরাগ লক্ষ করা গেছে। দুজনেরই কণ্ঠ সুরেলা ও মিিষ্ট।
১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাহমুদুর রহমানের পরিচালনায় মাছরাঙা টিভিতে প্রচারিত হলো টেলিছবি এপিটাফ। নাদিয়া, সাকিব ও জুলিয়াস, তিনজনকে নিয়ে ত্রিভুজ প্রেমের গল্প। অভিনয় ভালো ছিল, গল্পে নাটকীয়তাও ছিল, কিন্তু অনেক ক্ষেত্রেই বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য হয়নি। সাকিব অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে, অথচ নাদিয়া কিছুই জানল না, এটা অবাস্তব। আবার শেষ দৃশ্যে এফএম রেডিওতে গল্পের মাধ্যমে সাকিবের মৃত্যুসংবাদ শুনে তার কবরের পাশে ছুটে যাওয়া ও বিলাপ করাটা হাস্যকর মনে হয়েছে।
১৭ ফেব্রুয়ারি রাত ৯টা ৫ মিনিটে নাহিদ আহমেদ পিয়ালের চিত্রনাট্য ও পরিচালনায় এনটিভিতে প্রচারিত হলো নাটক খয়েরি ডানা শালিকের। অভিনয় করেছেন সোহানা সাবা, মাজনুন মিজান, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ প্রমুখ।
সোহানা শহরের যান্ত্রিকতায় হাঁপিয়ে উঠে ও প্রেমিকের প্রতি অভিমান করে গ্রামে ফুফুর বাড়ি বেড়াতে যায়। সেখানে মিজানের সঙ্গে পরিচয় হয়, মোটরসাইকেলে লিফট নেয়, তার কাজকর্ম দেখে দুর্বল হয়ে পড়ে। অতঃপর প্রেমিকের সঙ্গে ভুল-বোঝাবুঝির অবসান এবং শহরে ফিরে আসে। এই হলো গল্প। নাটকটি পরিচ্ছন্ন হলেও নাটকীয়তার অভাব ছিল। এ ছাড়া এরপর কী হবে, কী ঘটবে, প্রতি মুহূর্তেই দর্শক যেন তা বুঝতে পারছিল। অভিনয় ও সংলাপ ভালো হলেও চরিত্র ছিল দুর্বল।
নাটক ও টেলিছবির এই ডামাডোলের ভিড়ে ধারাবাহিক নাটকের অবস্থা তো আরও করুণ। এরই মাঝে ১৬ ফেব্রুয়ারি রাত ৮টা ১৫ মিনিটে সকাল আহমেদের পরিচালনায় বাংলাভিশনে শুরু হলো একটি নতুন ধারাবাহিক ফুলমহল। ফুলমহল একটি রাজবাড়ী। নাটক এখনো ফুলমহলে প্রবেশ করেনি। কিন্তু প্রথম পর্বে ফুলমহলকে ঘিরে রহস্য তৈরি করতে সক্ষম হয়েছেন নির্মাতা। আমরা প্রত্যাশা করি, এ রহস্যকে ঘিরে গড়ে ওঠা গল্প এবং অভিনয় যেন দর্শকের প্রত্যাশা পূরণে সমর্থ হয়।