নাটকের গানে
শাহনাজ রহমতউল্লাহর ‘ওই ঝিনুক ফোটা সাগর বেলায়/ আমার ইচ্ছে করে’ গানটি গাইলেন লাক্স-চ্যানেল আই তারকা মীম। আর আরেফিন শুভ গাইলেন হাবিবের ‘মনমুনিয়া তোর কাছে কই/ আমার মনের কথা’ গানটি। তাঁরা দুজনই এখন অভিনয় করছেন নাটকে। কিন্তু নাটকে কখনো নিজেদের কণ্ঠে গান করা হয়নি। এবার তাঁরা গান করেছেন নাটকে। নাম উইল ইউ ম্যারি মি? শুভ বললেন, ‘আমি অনেক আগে থেকেই গিটার বাজাই, গান করি। ইচ্ছা থাকা সত্ত্বেও এই প্রতিভা পর্দায় দেখানোর সুযোগ পাইনি। প্রথমবারের মতো শিল্পীর চরিত্রে অভিনয় করছি। গান গেয়েছি, গিটার বাজিয়েছি। নাটকে অভিনয় করার সময় একটি গানের কিছুটা অংশ লিখে ফেলেছি। ভাবছি, সময় করে বাকিটুকুও লিখে ফেলব।’ মীম বললেন, ‘আমি প্রথমে গান গাইতেই চাইনি। কিন্তু নাটকটির পরিচালক পার্থ সরকার ও আমার মা সাহস দেওয়ায় গেয়ে ফেলেছি। এখন খুব মজা লাগছে।’নাটকের গল্পে শুভ একজন জনপ্রিয় সুরকার, সংগীতায়োজক ও শিল্পী। অন্যদিকে মীম অভিনয় করছেন উঠতি শিল্পীর চরিত্রে। একসঙ্গে অ্যালবামের কাজ করতে করতে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। নাটকে আরও অভিনয় করছেন মুনমুন।